বিশ্বের অনেক দেশে নভেম্বর মাসকে বলা হয় ‘মুভেম্বর’। এ মাসে পুরুষদের মধ্যে গোঁফ রাখার একটি প্রবণতাও দেখা যায়। এর পেছনে রয়েছে পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ। গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের অধ্যাপক ডা. তানজিনা হোসেন

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একদল পুরুষ নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে নভেম্বর মাসজুড়ে গোঁফ রাখার উদ্যোগ নেন। তাঁরা এ কার্যক্রমের মাধ্যমে তহবিলও সংগ্রহ করেন। প্রায় ৮০ জন পুরুষকে নিয়ে শুরু হওয়া উদ্যোগটি দ্রুত অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। পরে বিশ্বের বিভিন্ন দেশেও এটি জনপ্রিয়তা পায়।

২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় মুভেম্বর ফাউন্ডেশন। বর্তমানে ২০টির বেশি দেশে পুরুষদের স্বাস্থ্যবিষয়ক নানা সমস্যা নিয়ে কাজ করছে এই সংগঠন। বিশেষ করে প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে তারা। ফাউন্ডেশনের স্লোগান ‘চেঞ্জিং দ্য ফেস অব মেনস হেলথ’। পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এর লক্ষ্য।

নভেম্বরজুড়ে চলে মুভেম্বরের কার্যক্রম। এ ছাড়া ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। পুরুষদের স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক ভূমিকা নিয়ে সচেতনতা তৈরিও এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

পুরুষদের প্রধান স্বাস্থ্যঝুঁকি

বিশ্বজুড়ে পুরুষদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদ্‌রোগ। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকও পুরুষদের জীবনহানির বড় কারণ। এর পরই রয়েছে বিভিন্ন ধরনের ক্যানসার—ফুসফুস, প্রোস্টেট, বৃহদন্ত্র ও যকৃতের ক্যানসার উল্লেখযোগ্য।

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডির মতো ফুসফুসের কিছু রোগও পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। এ ছাড়া ডায়াবেটিস, ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস পুরুষদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসমস্যা।

তবে যে বিষয়টি নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়, তা হলো পুরুষদের মানসিক স্বাস্থ্য। বিশ্বে ৫০ বছরের কম বয়সী পুরুষদের মৃত্যুর অন্যতম কারণ আত্মহত্যা। বিষণ্নতা, একাকিত্ব ও সামাজিক স্টিগমা বা প্রতিবন্ধকতা এ ক্ষেত্রে ভূমিকা রাখে।

যেসব কারণে বাড়ে রোগের ঝুঁকি

স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত শরীরচর্চা করতে হবে

পুরুষদের প্রধান স্বাস্থ্যসমস্যাগুলো মোকাবিলা করতে হলে প্রথমেই ঝুঁকির কারণগুলো চিহ্নিত করতে হবে। এর মধ্যে রয়েছে—

ধূমপান: ধূমপানের সঙ্গে হৃদ্‌রোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও সিওপিডির সরাসরি সম্পর্ক রয়েছে। এটি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায়। ভেপিং বা ই-সিগারেটও নিরাপদ নয়। তাই পুরুষদের মধ্যে ধূমপানের প্রবণতা কমানো জরুরি।

ওজন বৃদ্ধি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পুরুষের ওজন বাড়ে। বিশেষ করে পেটের মেদ বা ভুঁড়ি বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং করপোরেট জীবনযাপন এ সমস্যার অন্যতম কারণ। অতিরিক্ত ওজন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, ফ্যাটি লিভারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়।

প্রোস্টেটের সমস্যা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের প্রোস্টেট গ্রন্থির আকার বড় হতে পারে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রোস্টেট বড় হলে মূত্রনালিতে চাপ সৃষ্টি হতে পারে। ফলে ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের গতি কমে যাওয়া কিংবা প্রস্রাব আটকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। প্রোস্টেটের এই স্বাভাবিক বয়সজনিত বৃদ্ধি আর প্রোস্টেট ক্যানসার এক বিষয় নয়। তবে বয়স ও ঝুঁকি বিবেচনায় প্রোস্টেটের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি। প্রস্রাবের সমস্যা দেখা দিলে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ঝুঁকিপূর্ণ জীবনযাপন: বাড়ির বাইরে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণ, কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় এবং ব্যায়াম বা কায়িক শ্রমের অভাব নানা রোগের ঝুঁকি বাড়ায়। এর সঙ্গে অতিরিক্ত মানসিক চাপ যুক্ত হলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।

পুরুষদের মানসিক সমস্যাগুলো অনেক ক্ষেত্রে শনাক্ত হয় না

অবহেলিত মানসিক স্বাস্থ্য: পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে আলোচনা তুলনামূলকভাবে কম। অথচ পুরুষেরাও বিষণ্নতা ও নানা ধরনের মানসিক সমস্যায় ভোগেন। বিশ্বে রোজ উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ আত্মহত্যা করে থাকেন। সমাজে প্রচলিত একটি ধারণা হলো, পুরুষদের মনের কষ্ট বা বেদনার কথা প্রকাশ করা উচিত নয়; দুঃখ পেলে ছেলেদের কাঁদতে নেই। মনের কথা বলা কিংবা মানসিক সমস্যার জন্য সাহায্য চাওয়াকে অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয়।

এ কারণে পুরুষদের মানসিক সমস্যাগুলো অনেক ক্ষেত্রে শনাক্ত হয় না। সামাজিক একাকিত্ব ও মানসিক স্বাস্থ্য নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে আরও জটিল করে। কর্মক্ষেত্রে ব্যর্থতা, অর্থনৈতিক সংকট এবং পরিবারের দায়িত্ব পালনে অসামর্থ্যও তাঁদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

মুভেম্বরের অন্যতম উদ্দেশ্য হলো পুরুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এ বিষয়ে সংকোচ ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করা। পুরুষদেরও মানসিক সহায়তা প্রয়োজন হতে পারে—এ বিষয়টি সমাজের সবার উপলব্ধি করা জরুরি।

মধ্যবয়সী পুরুষদের যেসব পরীক্ষা প্রয়োজন

নিয়মিত রক্তচাপ মাপা উচিত

৪০ বছর বয়সের পর থেকে পুরুষদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হওয়া প্রয়োজন। নিয়মিত রক্তচাপ মাপা এবং রক্তে শর্করা পরীক্ষা করা উচিত। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস শনাক্ত হলে যথাযথ চিকিৎসা নিতে হবে। এতে হৃদ্‌রোগ, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

ফ্যাটি লিভারের ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শে এসজিপিটি পরীক্ষা ও পেটের আলট্রাসনোগ্রাম করা যেতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেটের সমস্যার ঝুঁকিও বাড়ে। প্রস্রাবের সমস্যা থাকলে আলট্রাসনোগ্রাম উইথ পোস্ট ভয়েড রেসিডিউ (পিভিআর) পরীক্ষার মাধ্যমে মূত্রত্যাগের পর মূত্রাশয়ে কতটুকু প্রস্রাব থেকে যাচ্ছে, তা জানা যায়। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা পিএসএ পরীক্ষার প্রয়োজন আছে কি না, তা বয়স, পারিবারিক ইতিহাস ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় চিকিৎসক নির্ধারণ করবেন।

সাধারণত পুরুষদের রক্তাল্পতা হওয়ার কথা নয়, তারপরও পুরুষদের রক্তাল্পতা বা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার বিষয়টি অবহেলা করা উচিত নয়। বিশেষ করে কোনো স্পষ্ট কারণ ছাড়াই হিমোগ্লোবিন কমে গেলে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বা ক্যানসারের আশঙ্কাসহ বিভিন্ন কারণ খতিয়ে দেখতে হবে।

তিন সপ্তাহের বেশি কাশি, অকারণে ওজন কমে যাওয়া কিংবা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী বুকের এক্স-রে বা অন্য পরীক্ষা করানো যেতে পারে।

সুস্থ থাকতে যা করবেন

মুভেম্বর উপলক্ষে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার অভ্যাস শুরু করতে পারেন। এ জন্য কিছু বিষয় মেনে চলা জরুরি।

সক্রিয় থাকুন: নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকবেন না।

ওজন নিয়ন্ত্রণ করুন: বিশেষ করে পেটের মেদ কমানোর চেষ্টা করুন।

স্বাস্থ্যকর খাবার খান: সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন। বেশি করে শাকসবজি ও তাজা ফলমূল খান। অতিরিক্ত শর্করা ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

পর্যাপ্ত ঘুমান: কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন। রাতে সাত ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমানোর চেষ্টা করুন।

ধূমপান বর্জন করুন: ধূমপান ও ই-সিগারেট এড়িয়ে চলুন। মদ্যপান থেকেও বিরত থাকুন।

মানসিক স্বাস্থ্যের যত্ন নিন: বন্ধু ও পরিবারের সদস্যদের সময় দিন। বাগান করা, বেড়ানো, গান শোনা বা বই পড়ার মতো পছন্দের কাজের জন্য সময় রাখুন। মানসিক সমস্যা হলে প্রয়োজনীয় সহায়তা নিন। সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়।

পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা শুধু নভেম্বর মাসের জন্য নয়, সারা বছরের জন্যই জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অভ্যাসই পারে অনেক রোগের ঝুঁকি কমাতে।