ছক্কা এবং ছক্কা।

মেহেদী হাসান মিরাজের বলে টানা দুটি ছয় মেরে যেন ছক্কার নেশাই পেয়ে বসেছিল কাগিসো রাবাদার। এরমধ্যে দ্বিতীয় ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের দেখাও পেয়ে গেছেন। রাবাদা তাই পরের বলেও উইকেট ছেড়ে বেরিয়ে এলেন বড় শট খেলতে।

তবে এবার আর হলো না, বল গেল উইকেটকিপার লিটন দাসের হাতে। স্ট্যাম্পড!

আর এই স্টাম্পিংয়ের মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতে। এর মধ্যে ক্যাচে ৬টি, স্টাম্পিংয়ে ২টি।

টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৭টি। সেই রেকর্ডে এত দিন ভাগ বসিয়েছিলেন পাঁচজন। এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক লিটন।

টেস্টে প্রথমবার এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে গড়েছিলেন কীর্তিটা। পরে তাঁর মতো করে ইনিংসে ৭ ডিসমিসাল করেছেন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভারা।

আজ মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে সেই রেকর্ডে নাম লেখান লিটন। সেটি ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসের অষ্টম উইকেট। এর মধ্যে শুধু মার্কার অ্যাকারম্যানের উইকেটটিতে লিটনের অবদান ছিল না, হাসান মাহমুদের বলে ক্যাচ নিয়েছিলেন তাসকিন আহমেদ। বাকি সব ব্যাটসম্যানের ইনিংসের সমাপ্তি ঘটেছে লিটনের হাতে।