পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর গল্প মোবাইল ভিডিওর মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘ভয়েসেস ফ্রম দ্য হিলস’ শীর্ষক কর্মশালা শেষ হয়েছে। ১৭ নভেম্বর রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে আয়োজিত সমাপনী দিনে অংশগ্রহণকারীদের নির্মিত ভিডিও গল্প প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশের ইআরআরডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ৪৫ তরুণ অংশ নেন।
কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীরা প্রশিক্ষকদের দিকনির্দেশনায় নিজেদের ধারণ করা ভিডিও ফুটেজ, সাক্ষাৎকার ও ছবি সম্পাদনার কাজ সম্পন্ন করেন। ভিডিওর গল্পের ধারাবাহিকতা, দৃশ্য নির্বাচন, শব্দের মান, ক্যাপশন ও শিরোনাম সংযোজনসহ কারিগরি বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীদের নির্মিত ভিডিও গল্প প্রদর্শন করা হয়। এ সময় তাঁরা নিজেদের কাজ উপস্থাপন করেন এবং প্রশিক্ষক ও সহ-অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত ও পরামর্শ নেন।
এর আগে ১৫ নভেম্বর কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারীদের গল্প বলার কৌশল, মানবকেন্দ্রিক গল্প নির্বাচন, স্টোরিবোর্ড তৈরি, মোবাইল ভিডিওগ্রাফি ও সম্পাদনার প্রাথমিক ধারণা দেওয়া হয়। ১৬ নভেম্বর তাঁরা রাঙামাটির বিভিন্ন কমিউনিটি পরিদর্শন করে স্থানীয় মানুষের সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে মাঠপর্যায়ে গল্প সংগ্রহ করেন। শিক্ষা, জীবিকা, জলবায়ু পরিবর্তন, নারীর অংশগ্রহণ, তরুণদের স্বপ্ন, সংস্কৃতি ও পরিবেশ ছিল তাঁদের গল্পের বিষয়। পুরো কর্মশালায় গল্প ধারণ ও প্রকাশের ক্ষেত্রে অবহিত সম্মতি, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং মানুষের মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইইউর সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান, প্রভাষক মেহেরুন নাহার এবং প্রভাষক মো. তানভীর রহমান। বিভাগের সংশ্লিষ্ট সদস্যরাও প্রশিক্ষণ ও ভিডিও নির্মাণে অংশগ্রহণকারীদের সহযোগিতা করেন।
সমাপনী অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের ইআরআরডি-সিএইচটি প্রকল্পের প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট শরিফুল হাসান বলেন, আধুনিক প্রযুক্তি ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে কমিউনিটির মানুষের জীবনেও নানা পরিবর্তন আসছে। তবে এসব পরিবর্তনের পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখাও গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় ইউনিয়নের রেজিলিয়েন্ট লাইভলিহুডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূঁইয়া বলেন, তরুণেরাই সমাজের কণ্ঠস্বর। এ কর্মশালা তরুণদের জন্য একটি নতুন যাত্রার সূচনা করবে এবং তাঁদের তৈরি গল্প ও আলোকচিত্র কমিউনিটির ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় পরিচালিত ইআরআরডি-সিএইচটি প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুশাসন, সামাজিক সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। এ কর্মশালার মাধ্যমে তরুণদের মোবাইলভিত্তিক গল্প বলার দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের অভিজ্ঞতা, কণ্ঠস্বর ও ইতিবাচক পরিবর্তনের গল্প বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।





