মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান।

চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।