মরুভূমির জীবন, রাজপরিবারের রান্নাঘর আর লোকজ ঐতিহ্য—সব মিলিয়ে রাজস্থানী খাবারের রয়েছে স্বতন্ত্র পরিচয়। যোধপুরের সেই ইতিহাস ও স্বাদ এবার ঢাকায়, এক রাজকীয় ভোজে।

মরুর শহর যোধপুর। একদিকে মেহরানগড় দুর্গের বিশাল প্রাচীর, অন্যদিকে রঙিন পাগড়ি, লোকসংগীত, কাঠপুতলির নাচ আর রাজকীয় আতিথেয়তা। রাজস্থানের ইতিহাস শুধু রাজা-মহারাজাদের বীরত্বগাথা কিংবা দুর্গ-প্রাসাদের স্থাপত্যে সীমাবদ্ধ নয়। এর নিজস্ব খাদ্যসংস্কৃতিও বহন করছে শতাব্দীর ঐতিহ্য। মরুভূমির প্রতিকূল পরিবেশ, স্থানীয় উপকরণের ব্যবহার, রাজপুত রাজপরিবারের রান্নাঘর এবং মারওয়ারি জীবনযাত্রার প্রভাব—সব মিলিয়ে গড়ে উঠেছে রাজস্থানী খাবারের স্বতন্ত্র পরিচয়।
যোধপুরের সেই স্বাদ, ইতিহাস ও সংস্কৃতিকে ঢাকায় পরিচয় করিয়ে দিতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অ্যাটিটিউড রেস্তোরাঁয় শুরু হয়েছে ‘দ্য মহারাজা রিটার্নস: আ রয়্যাল ফিস্ট ফ্রম যোধপুর, রাজস্থান’। ১৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

হোটেলের কর্মীরাই সেজেছেন দুর্গপ্রহরী

এটি কেবল খাবারের আয়োজন নয়, বরং রাজস্থানের রাজকীয় ভোজ ও লোকজ ঐতিহ্যকে এক ছাদের নিচে তুলে ধরার প্রয়াস। উৎসবের ভাবনায় রয়েছে যোধপুরের ঐতিহাসিক মেহরানগড় দুর্গ, মহারাজা অজিত সিংয়ের সময়ের রাজকীয় আবহ এবং রাজস্থানের বর্ণিল সংস্কৃতি। খাবারের প্রতিটি পর্বে চেষ্টা করা হয়েছে রাজস্থানের নিজস্ব স্বাদ ও রান্নার বৈশিষ্ট্য তুলে ধরার।

মরুভূমির জীবন থেকে রাজকীয় রান্নাঘর

রাজস্থানী খাবারের স্বতন্ত্রতা বুঝতে হলে জানতে হবে অঞ্চলটির ভৌগোলিক বাস্তবতা। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের এই রাজ্যের বড় একটি অংশজুড়ে রয়েছে থর মরুভূমি। পানির স্বল্পতা, তাজা শাকসবজির সীমিত প্রাপ্যতা এবং দীর্ঘদিন খাবার সংরক্ষণের প্রয়োজনীয়তা সেখানকার খাদ্যাভ্যাসকে প্রভাবিত করেছে। ফলে বাজরা, গম, বেসন, ডাল, দুধ, দই ও ঘির ব্যবহার রাজস্থানী রান্নায় বিশেষ গুরুত্ব পেয়েছে। স্থানীয় কের ফল ও খেজরি গাছের সাংরি শুঁটির মতো মরু অঞ্চলের উপকরণও জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী খাবারে।

যোধপুরি মুর্গ

অন্যদিকে রাজপুত রাজপরিবারের রান্নাঘরে গড়ে উঠেছিল সমৃদ্ধ মাংসের সংস্কৃতি। রাজকীয় বাবুর্চি বা খানসামারা বিশেষ রেসিপি ও রান্নার কৌশল প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করতেন। মাংস, স্থানীয় মসলা, দই, ঘি ও ধীরে রান্নার পদ্ধতির সমন্বয়ে তৈরি হয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী পদ। রাজস্থানী রান্নার এই দুই ধারা—মরুভূমির সাধারণ মানুষের উদ্ভাবনী খাদ্যাভ্যাস এবং রাজপরিবারের সমৃদ্ধ ভোজ—মিলে তৈরি করেছে অঞ্চলটির বৈচিত্র্যময় খাদ্যপরিচয়।

লাল মাসের ঝাঁজ, সফেদ মাসের কোমলতা

লাল মাস– লাল মাংস

উৎসবের মেনুতে চোখে পড়ে রাজস্থানী খাবারের দুটি পরিচিত নাম—লাল মাস ও সফেদ মাস। দুটি পদই মাংসনির্ভর হলেও স্বাদ, রং ও রান্নার ধরনে রয়েছে স্পষ্ট পার্থক্য।

লাল মাস রাজস্থানের রাজকীয় রান্নাঘরের অন্যতম পরিচিত পদ। মাটন, দই ও ঝাল লাল মরিচের মসলায় তৈরি এই পদের স্বাদ বেশ তীব্র। বিশেষ করে মাথানিয়া মরিচের ঝাঁজ ও রং লাল মাসকে দিয়েছে আলাদা পরিচিতি। রাজস্থানের রাজপুত শিকারি ঐতিহ্যের সঙ্গেও এই মাংসের পদের সম্পর্কের কথা প্রচলিত।

সফেদ মাস– সাদা মাংস

অন্যদিকে সফেদ মাসের স্বাদ অপেক্ষাকৃত মৃদু ও ক্রিমি। দুধ, দই, বাদাম, গোলমরিচ, এলাচসহ বিভিন্ন উপকরণের সমন্বয়ে তৈরি সাদা রঙের এই মাংসের পদ রাজকীয় রান্নার কোমল ও সমৃদ্ধ স্বাদের পরিচয় বহন করে।

এই দুটি পদের পাশাপাশি রয়েছে জয়পুরি তাওয়া মাছ, জয়পুরি সাঙ্গরি কি সবজি, গাঁট্টে কা সবজি, জয়পুরি মুর্গ, মারওয়ার আঙ্গার হোল মাটন, মাখানিয়া মুর্গ টিক্কা, বিফ গালৌটি কাবাব, যোধপুর ধুঙ্গার বিফ, যোধপুর মাটন সবজি কাবাব ও পাঞ্চমেল ডাল। সঙ্গে থাকছে ঘি রাইস।

যোধপুরি ধুঙ্গার বিফ

বিশেষ করে কের-সাংরি রাজস্থানী খাবারের প্রকৃত আঞ্চলিক পরিচয় তুলে ধরে। কের একধরনের মরু অঞ্চলের ফল এবং সাংরি খেজরি গাছের শুঁটি। শুষ্ক পরিবেশেও টিকে থাকতে পারে বলে স্থানীয় মানুষের খাদ্যাভ্যাসে এসব উপকরণের গুরুত্ব রয়েছে। সাধারণত শুকিয়ে সংরক্ষণ করা কের ও সাংরি মসলা দিয়ে রান্না করা হয়। এটি শুধু একটি সবজির পদ নয়, বরং রাজস্থানের মরুপ্রকৃতির সঙ্গে মানুষের অভিযোজনেরও গল্প।

গাঁট্টে কা সবজি

গাঁট্টে কা সবজিও রাজস্থানী রান্নার পরিচিত পদ। বেসন দিয়ে তৈরি ছোট ছোট ডাম্পলিং দই ও মসলার ঝোলে রান্না করা হয়। আর পাঞ্চমেল ডালে থাকে একাধিক ধরনের ডালের সমন্বয়। এসব খাবারের সঙ্গে ঘি রাইস কিংবা বাজরার রুটি রাজস্থানী ভোজকে পূর্ণতা দেয়।

স্ন্যাকসে জয়পুর ও যোধপুরের স্বাদ

মূল খাবারের আগে স্ন্যাকসের আয়োজনেও রয়েছে আঞ্চলিক বৈচিত্র্য। বাটি চুর, ডাল-বাটি-চুরমা, পেঁয়াজ কাচরি, জয়পুরি মিরচি বড়া, হারা কাবাব ও মেথি বাজরা পুরি রাখা হয়েছে তালিকায়।

বাজরা পুরি. কচুরি. হারিয়ালি কাবাব. মরিচ পাকোড়া দারুন সব স্টার্টার

ডাল-বাটি-চুরমা রাজস্থানের সবচেয়ে পরিচিত খাবারগুলোর একটি। গমের আটার তৈরি গোলাকার বাটি তাপে সেঁকে বা বেক করে ঘি দিয়ে পরিবেশন করা হয় ডালের সঙ্গে। আর চুরমা হলো গমের তৈরি মিষ্টি গুঁড়ো বা চূর্ণ, যাতে ঘি ও চিনির ব্যবহার থাকে। ঝাল, নোনতা ও মিষ্টি—তিন ধরনের স্বাদের সমন্বয়ই এই খাবারকে বিশেষ করে তুলেছে। মরুভূমির কঠিন পরিবেশে সহজলভ্য উপকরণ দিয়ে পুষ্টিকর খাবার তৈরির যে ঐতিহ্য, ডাল-বাটি-চুরমা তারই একটি উদাহরণ।

রাজস্থানের বিখ্যাত স্ট্রিট ফুড ডাল–বাটিচুরমার লাইভ স্টেশন

অন্যদিকে জয়পুরি মিরচি বড়া রাজস্থানের জনপ্রিয় জলখাবার। বড় কাঁচা মরিচের ভেতরে আলু ও মসলার পুর দিয়ে বেসনের আবরণে ভেজে তৈরি করা হয় এটি। পেঁয়াজ কাচরিও রাজস্থানের বহুল পরিচিত নাশতা। মেথি ও বাজরার ব্যবহার করা পুরি কিংবা রুটির মতো খাবারগুলোও স্থানীয় খাদ্যাভ্যাসের পরিচয় বহন করে।

পানীয়তে মরুপ্রকৃতির ছোঁয়া

রাজস্থানী খাবারের সঙ্গে পানীয়ের সম্পর্কও বেশ পুরোনো। বিশেষ করে দই ও ঘোলজাতীয় পানীয় গরম আবহাওয়ায় স্বস্তি দেওয়ার পাশাপাশি খাদ্যসংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এবারের উৎসবে পানীয়ের তালিকায় রয়েছে মাওয়ারি মসলা ছাঁচ, ক্ষীরি পান্না, রাজওয়াদি জলজিরা এবং মাখানিয়া লাচ্ছি কুলফি।

মাখানিয়া লাচ্ছি কুলফি

মসলা ছাঁচ মূলত মসলা মেশানো ঘোলজাতীয় পানীয়। জিরা ও বিভিন্ন মসলার স্বাদে তৈরি জাল জিরা খাবারের মাঝে সতেজতা আনে। অন্যদিকে মাখানিয়া লাচ্ছি দুধ ও দইয়ের সমৃদ্ধ স্বাদের পরিচয় দেয়। রাজস্থানের দুগ্ধজাত খাবারের ঐতিহ্য যে কতটা সমৃদ্ধ, এই পানীয়গুলোর তালিকাই তার একটি নমুনা।

জয়পুরি মিঠাই মহলে মিষ্টির আয়োজন

আছে মিষ্টির বাহার

রাজস্থানী ভোজের শেষ পর্বে মিষ্টির গুরুত্বও কম নয়। উৎসবে মিষ্টির জন্য রয়েছে আলাদা আয়োজন, যার নাম ‘জয়পুরি মিঠাই মহল’। এখানে থাকছে বেসন চাক্কি, জয়পুরি পায়েস, বাদামের হালুয়া ও কেশর ফিরনি। পাশাপাশি রাজস্থানের বিখ্যাত ঘের, মাওয়া কচুরি, মালপোয়া ও মুগ ডাল হালুয়ার মতো মিষ্টির ঐতিহ্যও উৎসবের মেনুকে সমৃদ্ধ করেছে।

ফিরনি

ঘের রাজস্থানের অন্যতম জনপ্রিয় মিষ্টি। ময়দার তৈরি ছিদ্রযুক্ত চাকতির মতো এই মিষ্টি চিনির সিরা, ক্ষীর বা মালাই দিয়ে পরিবেশন করা হয়। জয়পুরের সঙ্গে এর বিশেষ সম্পর্ক রয়েছে। তিজ ও রাখিবন্ধনের মতো উৎসবেও ঘেরের প্রচলন রয়েছে।

অন্যদিকে মাওয়া কচুরি যোধপুরের বিখ্যাত মিষ্টি। মাওয়া ও বাদামের পুর দিয়ে তৈরি এই কচুরি রাজস্থানী মিষ্টির স্বতন্ত্র পরিচয় বহন করে।

এ ছাড়া হোটেলের লবিতে পাওয়া যাবে কেশরই মালাই। মূল বুফের বাইরেও এই বিশেষ মিষ্টির আয়োজন অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

খাবারের বাইরেও রাজকীয় অভিজ্ঞতা

হোটেলের কর্মচারীরাও সেজেছেন রাজস্থানী সাজে

‘দ্য মহারাজা রিটার্নস’-এর বিশেষত্ব শুধু খাবারের মেনুতে নয়, সাংস্কৃতিক আয়োজনেও। উৎসবে থাকছে রাজস্থানী লোকসংগীত ও কাঠপুতলি নৃত্য। রাজস্থানের লোকজ জীবনে কাঠপুতলি বা সুতোয় চালিত পুতুলনাচের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। রঙিন পোশাক, লোককাহিনি ও সংগীতের মাধ্যমে এই পরিবেশনা রাজস্থানের সংস্কৃতিকে তুলে ধরে।

রাজস্থানি ঘরানার পুতুলনাচ

হোটেলের লবিতে থাকছে রাজস্থানী পোশাক ও গয়নার বিশেষ বুটিক। ফলে অতিথিরা খাবারের পাশাপাশি রাজস্থানী সাজসজ্জা ও ঐতিহ্যবাহী অলংকারের সঙ্গেও পরিচিত হতে পারবেন। রয়েছে পুল ব্যবহারের সুবিধাও। এ ছাড়া উৎসবের একজন সৌভাগ্যবান অতিথির জন্য প্রবাসী হেলিকপ্টারের সৌজন্যে হেলিকপ্টার রাইড জেতার সুযোগ রাখা হয়েছে।

আছেন মহারাজা ও তাঁর প্রহরীরা

সব মিলিয়ে আয়োজনটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছে। খাবারের স্বাদ, সংগীত, পোশাক, লোকজ পরিবেশনা ও রাজকীয় আতিথেয়তা—সবকিছুর মধ্য দিয়ে যোধপুরের একটি আবহ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

আছে যেসব সুবিধা

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অ্যাটিটিউড রেস্তোরাঁয় ১৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ‘দ্য মহারাজা রিটার্নস’। জনপ্রতি বুফে ডিনারের মূল্য ৮ হাজার ৪৯৯ টাকা (নেট)।

এভাবেই তৈরি করা হয়েছে মূল প্রবেশদ্বার

নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে বিশেষ মূল্যছাড় ও খাবারের অফার। নির্দিষ্ট কার্ডে একজনের সঙ্গে তিনজন এবং নির্বাচিত ব্র্যাক ব্যাংক কার্ডে একজনের সঙ্গে চারজন বিনা মূল্যে খাবারের সুবিধা রয়েছে। পাবালি মাস্টারকার্ড ওয়ার্ল্ড এবং ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। অফারের বিস্তারিত জানতে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

হোটেলের লবিতে ৫০০বছরের বেশি পুরানো ঐতিহাসিক মেহরান গড় ফোর্টের মিনিয়েচার

রাজস্থানের মরুপ্রকৃতি, রাজপরিবারের রান্নাঘর, স্থানীয় উপকরণের ব্যবহার ও লোকজ সংস্কৃতি—সব মিলিয়ে ‘দ্য মহারাজা রিটার্নস’ ঢাকার খাবারপ্রেমীদের সামনে ভারতের একটি সমৃদ্ধ আঞ্চলিক খাদ্যঐতিহ্য তুলে ধরার আয়োজন। পরিচিত ভারতীয় খাবারের বাইরে যাঁরা আঞ্চলিক রান্নার ইতিহাস, স্বাদ ও সংস্কৃতি জানতে আগ্রহী, তাঁদের জন্য এই উৎসব হতে পারে যোধপুরের রাজকীয় দস্তরখানে এক সান্ধ্য রসনাবিলাস।

ছবি: হাল ফ্যাশন