
মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে। ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের অধীন এই অপরাধ প্রতিরোধ করার যে বাধ্যবাধকতা মিয়ানমারের ছিল, দেশটি তা পালনে ব্যর্থ হয়েছে।
গোষ্ঠী নিধনমূলক কর্মকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিচার ও শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে।
আদালত বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে কিংবা বিদেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি দিতে হবে এবং এ প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। এ ছাড়া সহিংস অভিযানের সময় যেসব ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পত্তি নষ্ট বা বেদখল হয়েছে, সেগুলোও ফিরিয়ে দিতে হবে অথবা সমমূল্যের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের দিতে হবে। রোহিঙ্গাদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এসব ক্ষতিপূরণের পরিমাণ এবং তা দেওয়ার পদ্ধতি উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য মিয়ানমারকে দুই বছর সময় দিয়েছেন আইসিজে। ওই প্রতিবেদন পাওয়ার পর মিয়ানমারের প্রস্তাবটি যথেষ্ট কি না, সে বিষয়ে আইসিজে সিদ্ধান্ত নেবেন।
এখন কথা হলো, এই রায় বাস্তবায়ন করবে কে? মিয়ানমার যদি আইসিজের রায় অনুযায়ী ব্যবস্থা না নেয়, তাহলে কী হবে? আইসিজের রায়ের বিরুদ্ধে কি আপিলের সুযোগ আছে মিয়ানমারের? প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক—
রায় বাস্তবায়নের দায়িত্ব কার
আইসিজে রায়ে মিয়ানমারকে যেসব নির্দেশ দিয়েছেন, সেগুলো পালন করার দায়িত্ব মিয়ানমার রাষ্ট্রের। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে দেশটি বাধ্য।
রায়ের বিরুদ্ধে কি আপিল করা যাবে
আইসিজের সংবিধির ৬০ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই। তবে রায়ের অর্থ বা পরিধি নিয়ে বিরোধ হলে ব্যাখ্যা চাওয়া এবং নির্দিষ্ট কঠোর শর্তে পুনর্বিবেচনার আবেদন করার ব্যবস্থা আছে।
মিয়ানমার রায় না মানলে কে ব্যবস্থা নেবে
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র যেকোনো মামলায় পক্ষভুক্ত থাকলে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো মামলায় কোনো পক্ষ যদি আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়, তবে অপর পক্ষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ প্রয়োজন মনে করলে রায় কার্যকর করার জন্য সুপারিশ করতে বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে এটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়।
নিরাপত্তা পরিষদে বাধা কোথায়
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অন্তত ৯ সদস্যরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। তবে স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের যে কেউ ভেটো দিলে প্রস্তাব আটকে যায়। ফলে আইনি বাধ্যবাধকতার পাশাপাশি পরিষদের রাজনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ।
এই রায়ে কেউ গ্রেপ্তার বা কারও কারাদণ্ড হয়
এটি রাষ্ট্রের দায় নির্ধারণের মামলা। আইসিজে ব্যক্তির ফৌজদারি বিচার করেন না। তাই কোনো সেনাপ্রধানের গ্রেপ্তার বা কারাদণ্ড এই মামলার সরাসরি ফল নয়।
সূত্র: এএফপি ও জাতিসংঘের ওয়েবসাইট।





