ভাগাড় এলাকা সম্প্রসারণে ১৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়ার মধ্যেই অধিক ক্ষতিপূরণের আশায় স্থাপনা নির্মাণে একটি চক্রের তৎপরতা চলছে।

প্রায় আড়াই দশক ধরে কুমিল্লা শহরের সব ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে ঝাঁকুনিপাড়া-দৌলতপুর এলাকায়। সেখান থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ। সেই ভাগাড়ের আশপাশেই হঠাৎ ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের হিড়িক পড়েছে।

কোথাও বাঁশ, কাঠ ও পুরোনো টিন দিয়ে রাতারাতি তোলা হচ্ছে ঘর। কোথাও প্রাচীর তুলে টিনশেড স্থাপনা তৈরি হয়েছে। আবার কোথাও নিচু জমি বালু দিয়ে ভরাট করে নির্মাণ করা হয়েছে সীমানাপ্রাচীর।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ল্যান্ডফিল্ডের (স্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র) পরিধি বাড়াতে আরও ১৫ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পরই আশপাশে স্থাপনা নির্মাণ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, অধিগ্রহণের সময় বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় একটি চক্র জমির মালিকদের স্থাপনা নির্মাণে উৎসাহিত করছে, এমনকি নিজেরা স্থাপনা নির্মাণের খরচ বহন করে ক্ষতিপূরণের অর্থ ভাগাভাগির প্রস্তাবও দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন ও সিটি করপোরেশন বলছে, অধিগ্রহণের প্রাথমিক জরিপের সময়কার ছবি, ভিডিও ও ড্রোনের ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। ফলে এখন নতুন করে স্থাপনা নির্মাণ করে বাড়তি ক্ষতিপূরণ নেওয়ার সুযোগ নেই। বর্তমানে অধিগ্রহণের জন্য জমির মালিকদের চিঠি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

এক মাসেই ৩০–এর বেশি স্থাপনা

গত ২৭ অক্টোবর কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা মোড় থেকে বিবির বাজারের দিকে যাওয়া সড়কে প্রবেশ করতেই চোখে পড়ে ময়লার উঁচু স্তূপ। দূর থেকেই দুর্গন্ধ ভেসে আসে। সড়ক দিয়ে চলাচলকারী মানুষকে নাক চেপে পথ পাড়ি দিতে হয়।

কুমিল্লা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এ ভাগাড়ের অবস্থান। প্রবেশের সড়কের এক পাশে রয়েছে সিটি করপোরেশনের ল্যান্ডফিল্ড কার্যালয়। বিপরীত পাশে বড় একটি জায়গার চারদিকে উঁচু সীমানাপ্রাচীর। মূল ফটকে তালা থাকলেও বাইরে থেকে উঁকি দিয়ে দেখা যায়, প্রাচীরের ভেতরে আলাদা আলাদা করে অন্তত ২৫টি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। দেয়ালে নতুন সাদা রং। দেখে মনে হলো, সম্প্রতি নির্মাণের কাজ শেষ হয়েছে।

এর পাশেই ভাগাড় এলাকা ঘেঁষে নিচু জমি বালু দিয়ে ভরাট করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এদিকে ল্যান্ডফিল্ডে প্রবেশের পথের ডান পাশে অন্তত ছয়টি বাঁশ ও টিনের ঘর নির্মাণের কাজ চলছিল। কোথাও পুরোনো টিন, কোথাও নতুন রঙিন ঢেউটিন দিয়ে তৈরি হচ্ছে ঘর। নির্মাণকাজে ব্যস্ত শ্রমিকদের দেখে এসব স্থাপনার বেশির ভাগই সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে বলে বোঝা যায়।

কুমিল্লা সিটি করপোরেশনের ময়লাখোলার পাশে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা জায়গার ভেতরে নির্মাণ করা হয়েছে অন্তত ২৫টি টিনশেড ঘর। গত ২৭ অক্টোবর তোলা

স্থানীয় কৃষক আবদুল মোতালেব ল্যান্ডফিল্ড কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় নতুন স্থাপনাগুলো দেখিয়ে বলেন, ‘টেকা লুটনের লাইগ্যা হগ্গোলে (সবাই) ঘর তুলতাছে।’

স্থানীয় কয়েকজনের ভাষ্য, গত এক মাসের মধ্যে বাঁশ, কাঠ ও টিন দিয়ে ৩০টির বেশি স্থাপনা নির্মাণ করা হয়েছে। যাঁরা অধিগ্রহণের উদ্যোগের খবর আগে পেয়েছেন, তাঁদের কেউ কেউ আধা পাকা ঘর ও সীমানাপ্রাচীরও নির্মাণ করেছেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী গিয়াস উদ্দিনের জমিতে সীমানাপ্রাচীরের ভেতরে নির্মিত ২৫টি আধা পাকা ঘর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। স্থানীয় তিনজন ভূমিমালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি চক্র জমির মালিকদের স্থাপনা নির্মাণে উৎসাহিত করছে। চক্রটির সঙ্গে শহরের আরও কয়েকজন যুক্ত আছেন বলে তাঁদের অভিযোগ।

গিয়াস উদ্দিনের বাড়ি ঝাঁকুনিপাড়া এলাকায় হলেও তিনি কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় বসবাস করেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, জায়গাটি ১৫-১৬ বছর আগে নেওয়া হলেও সম্প্রতি ঘর নির্মাণ করছেন ভাড়া দেওয়ার জন্য। নির্মাণকাজে মোট কত টাকা ব্যয় হয়েছে, তা হিসাব করে বলতে পারেননি তিনি। তবে ঘরগুলো তুলতে ১ লাখ ৩৫ হাজারের বেশি ইট লেগেছে বলে জানিয়েছেন তিনি। অন্যদের স্থাপনা নির্মাণে উৎসাহিত করার অভিযোগের জবাবে গিয়াস উদ্দিন বলেন, এ কথার কোনো ভিত্তি নেই।

‘এহন দোকানের কাজ বেশি হইতাছে’

ল্যান্ডফিল্ডে প্রবেশের পথের পাশে কয়েকটি টিনের দোকান নির্মাণ করছিলেন নুরুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা পাঁচ শ্রমিক। নুরুল ইসলাম বলেন, নগরের চকবাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা রিপন সরকার তাঁর ৪ শতাংশ জমিতে দোকানগুলো নির্মাণের দায়িত্ব দিয়েছেন।

হঠাৎ দোকান নির্মাণের কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘আমরা টাকার বিনিময়ে কাজ করি। কেন দোকান তোলা হচ্ছে, আমি বলতে পারব না। আমরার পাশেও আরও কয়েকটা দোকান উঠতাছে। এই এলাকার বিভিন্ন জায়গায় এহন দোকানের কাজ বেশি হইতাছে।’

কুমিল্লার ঝাঁকুনিপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লাখোলার পাশে বালু দিয়ে নিচু জমি ভরাট করে নির্মাণ করা হচ্ছে সীমানাপ্রাচীর। গত ২৭ অক্টোবর তোলা

ল্যান্ডফিল্ডের পাশে বালু দিয়ে জমি ভরাট করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা ইকরাম হোসেন এবং সৌদি আরবপ্রবাসী আবদুল বাসেত। ইকরামের বিরুদ্ধেও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ স্থানীয় ব্যক্তিদের। তবে ইকরাম হোসেন বলেন, ‘আমরা নিজেদের জায়গা বালু ফেলে ভরাট করে সামান্য ওয়াল তুলে সীমানা নির্ধারণ করে রেখেছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।’

স্থানীয় বাসিন্দা ও করাতকল ব্যবসায়ী মিজানুর রহমানও সেখানে তিনটি ঘর নির্মাণ করেছেন। অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার উদ্দেশ্যে ঘর নির্মাণের অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ‘আমি নিজের দরকারে ঘর তুলছি।’

নিষেধের পরও নির্মাণ থামেনি

ঝাঁকুনিপাড়া ল্যান্ডফিল্ড কার্যালয়ে ১১ বছর ধরে সুপারভাইজার হিসেবে কাজ করছেন সাজু আহমেদ। তাঁর ভাষ্য, এত বছর ধরে ময়লা ফেলার স্থানের আশপাশে এভাবে দোকানপাট ও বাসাবাড়ি নির্মাণ করতে দেখেননি তিনি। সম্প্রতি একের পর এক আধা পাকা ঘর ও বাঁশ-কাঠের টিনের ঘর নির্মাণ করা হচ্ছে। সীমানাপ্রাচীরের ভেতরে একসঙ্গে অনেকগুলো ঘর নির্মাণের কাজ শুরু হলে সিটি করপোরেশনের একজন প্রকৌশলী সেখানে গিয়ে নির্মাণকারীদের নিষেধ করেছিলেন। জমি ল্যান্ডফিল্ড সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা হবে বলে তাঁদের সতর্কও করা হয়েছিল। তবে এরপরও নির্মাণকাজ বন্ধ হয়নি।

ক্ষতিপূরণ নিয়ে যা বলছে প্রশাসন

কুমিল্লা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের ডাম্পিং জোনের আশপাশে ১৫ একর জমির মালিকদের চিঠি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জমির মালিকেরা বর্তমান মৌজা মূল্যের তিন গুণ ক্ষতিপূরণ পাবেন। অর্থ বরাদ্দ পাওয়া গেলে অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লাখোলার পাশে রাতারাতি গড়ে উঠছে বাঁশ, কাঠ ও টিনের ঘর। গত ২৭ অক্টোবর

সারোয়ার জাহান বলেন, প্রকল্পের প্রাক্কলন ও অধিগ্রহণসংক্রান্ত কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে। তখন জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা অধিগ্রহণের জন্য নির্ধারিত এলাকার স্থিরচিত্র, ভিডিও ও ড্রোনের ফুটেজ সংরক্ষণ করেছেন। ফলে এখন কেউ নতুন স্থাপনা নির্মাণ করে বাড়তি ক্ষতিপূরণ নেওয়ার সুযোগ পাবেন না।

বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, এভাবে স্থাপনা তুলে অর্থ লোপাটের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। একটি সংঘবদ্ধ চক্র হয়তো ভূমিমালিকদের প্রলোভন দেখিয়ে এমন কাজে নামিয়েছে।