মুঠোফোনের মাধ্যমে দেশের তরুণদের গেম খেলার আগ্রহ বাড়ছে। বিভিন্ন লাইভ স্ট্রিমসহ প্রতিযোগিতামূলক গেমস খেলার বিষয়টিকে মাথায় রেখে দেশের বাজারে এসেছে অনার ৬০০এস ৫জি মডেলের স্মার্টফোন। এই স্মার্টফোনে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে শক্তিশালী ব্যাটারি। এ ছাড়া আছে বিশেষ এআই ফিচার। স্মার্টফোনটিতে থাকা বিশেষ এআই বাটনের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে একাধিক এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০, যার সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে।

গতকাল মঙ্গলবার ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে অনার ৬০০এস ৫জি এনেছে অনার বাংলাদেশ। অনুষ্ঠানে অনার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। নতুন স্মার্টফোনটির পাশাপাশি অনুষ্ঠানে উন্মোচন করা হয় জেফার, মাশা ও ফিরোজ জংয়ের গাওয়া এবং রাতুলের তৈরি করা অনারের নতুন ব্র্যান্ড সংগীত (থিম সং)।

এই গানের সঙ্গে প্রকাশ করা হয় এর এআই দিয়ে তৈরি মিউজিক ভিডিও। পাশাপাশি অনুষ্ঠানে তিন শিল্পী সংগীত পরিবেশনাও করেন। এ ছাড়া সৃজনশীল কাজের চর্চায় এআইয়ের ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে আয়োজিত অনারের ‘এআই ক্রিয়েটরস ডেন’ প্রচারণার তিন বিজয়ীর নামও ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে। সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, ‘প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে বলে আমরা বিশ্বাস করি। এআই ক্রিয়েটরস ডেন প্রচারণার মাধ্যমে আমরা তরুণদের জন্য সেই সুযোগই তৈরি করতে চেয়েছি। এর মাধ্যমে তাঁরা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।’

অনার ৬০০এস ৫জি মডেলের স্মার্টফোন

অনার ৬০০এস ৫জি স্মার্টফোনে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ১৫ ঘণ্টার বেশি ভারী গেম খেলার সুবিধা দেবে এই ব্যাটারি। স্মার্টফোনটি সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচারের মাধ্যমে অনার ৬০০এস ৫জি ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির বিভিন্ন সুবিধা কাজে লাগানোর সুযোগ পাবেন।’

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র‍্যাম লাগানোর সুবিধা। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। এসজিএসের সনদ অনুযায়ী, পানি ও ধুলাবালু প্রতিরোধের পাশাপাশি ডিভাইসটি ২.৫ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কাও সামলাতে সক্ষম। কালো, সোনালি ও পার্পল—এই তিন রঙে বাজারে পাওয়া যাচ্ছে অনার ৬০০এস ৫জি। স্মার্টফোনটির মূল্য ৪৫ হাজার ৯৯৯ টাকা।