তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয় হয় আজ উত্তরার বিজিএমইএ কার্যালয়ে। এতে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান

অরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’

তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয়—কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে। তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’

তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আজ শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান প্রমুখ।

চলমান অস্থিরতায় সাভার–আশুলিয়া ও গাজীপুরের ১৪৭ কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম সচল রাখা যাচ্ছে না উল্লেখ করে বিজিএমইএর সভাপতি লিখিত বক্তব্যে বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। চলমান শ্রম অসন্তোষের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হলে আগামীকাল থেকে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রাখতে বাধ্য হবেন।

বিজিএমইএর সভাপতি জানান, আজ শনিবার সাভার–আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। তবে ৯২টি কারখানা উৎপাদন চালানোর চেষ্টা করেও পারেনি। কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয়েছে।

পরে এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, ‘শ্রম আইন অনুযায়ী, যেসব কারখানার কার্যক্রম চলমান আছে এবং নিয়মিত উৎপাদন চালাতে পারছে, তাদের ১৩ (১) ধারায় কারখানার বন্ধ করার কোনো বিধান নেই। তবে যাঁরা চালাতে পারছেন না, এটা অঞ্চলভেদে যেকোনো জায়গাতেই হোক না কেন, তাঁদের সেই অধিকার আছে।

মাহমুদ হাসান খান জানান, বিজিএমইএ ও বিকেএমইএর অনুরোধে তাঁরা এত দিন কারখানা চালানোর চেষ্টা করেছেন। প্রতিদিন সকালে উৎপাদন শুরু করে এক ঘণ্টার বেশি চালাতে পারেননি। সুতরাং তাঁদের আইনগত সেই অধিকার আছে।

অপর এক প্রশ্নের জবাবে মাহমদু হাসান খান বলেন, কারা অরাজকতা করছেন, সেটি চিহ্নিত করা বিজিএমইএর পক্ষে সম্ভব নয়। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে কাজ করছে। যাঁরা এই অরাজকতা করছেন, তাঁরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নেটওয়ার্কের মধ্যে এসেছেন।

আজ সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নেন।

মতবিনিময় সভায় সদস্যদের মতামত জানাতে বিজিএমইএর সভাপতি বলেন, ‘তাঁরা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ করবে, একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আমরা ১৬ নভেম্বরের (সোমবার) মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেব। আমরা আশা করব, আগামী ১–২ দিনে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। এরপরও যদি চলে তাহলে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব।’

বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধে শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা ছিল না বলে অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, মাঠপর্যায়ের অনেক নেতা–কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর তাঁদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না, যা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, ‘শ্রমিকদের অধিকার নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন না থাকলেও সদস্য থাকে। আমাদের প্রত্যাশা হচ্ছে যেসব শ্রমিক ফেডারেশনের সদস্য যেসব কারখানায় আছে, সেখানে তাঁরা এমন ভূমিকা নেবেন যাতে অরাজক পরিস্থিতি তৈরি না হয়। যদি ন্যূনতম মজুরি বোর্ডকে সুস্থিরভাবে কাজ করতে না দেওয়া হয়, আমরা যদি এই বিশৃঙ্খল পরিস্থিতিতে রাস্তায় ব্যস্ত থাকি, শ্রমিকনেতারাও রাস্তায় ব্যস্ত থাকেন, তাহলে সঠিক মজুরি প্রস্তাব কীভাবে দেবেন।’