বিকেলের নাশতায় বানাতে পারেন এমন খাবার। মিষ্টি আলুর কারণে বদলে যাবে ডিম চপের স্বাদ। রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা

উপকরণ

  • মাঝারি আকারের মিষ্টি আলু ৪-৫টি

  • পেঁয়াজকুচি ১ টেবিল চামচ

  • আদাগুঁড়া আধা চা-চামচ

  • রসুনগুঁড়া আধা চা-চামচ

  • কাঁচা মরিচকুচি ২-৩টি

  • মরিচগুঁড়া আধা চা-চামচ

  • জিরাগুঁড়া আধা চা-চামচ

  • ধনেগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • ধনেপাতাকুচি ২ টেবিল চামচ

  • ডিম ৩টি

  • সেমাই ১ কাপ

  • ময়দা ১ কাপ

  • পানি পরিমাণমতো

  • তেল ভাজার জন্য

প্রণালি

মিষ্টি আলুর ডিম চপ
  • মিষ্টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন।

  • এতে পেঁয়াজকুচি, আদা ও রসুনগুঁড়া, কাঁচা মরিচ, মরিচগুঁড়া, জিরা ও ধনেগুঁড়া, লবণ এবং ধনেপাতাকুচি দিয়ে ভালোভাবে মেখে নিন।

  • ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে রাখুন।

  • হাতে সামান্য তেল মেখে নিন।

  • মিষ্টি আলুর মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে চ্যাপটা আকার দিন।

  • মাঝখানে অর্ধেক ডিম রেখে চারপাশের মিষ্টি আলুর মিশ্রণ দিয়ে পুরোপুরি ঢেকে চপের আকৃতি দিন।

  • এভাবে সব কটি চপ তৈরি করুন। ময়দার সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন।

  • প্রতিটি চপ প্রথমে মিশ্রণে ডুবিয়ে সেমাইয়ে গড়িয়ে নিন। ভালোভাবে কোট করে নিন।

  • কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

  • ভাজা হয়ে গেলে টমেটো সস, কাঁচা মরিচ বা পুদিনার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

■ টিপস

চপ ভাজার আগে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিলে কোটিং ভালোভাবে বসবে এবং ভাজার সময় চপ ভেঙে যাওয়ার আশঙ্কা কমবে।