চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার মীমাংসা করে দেওয়া এক যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আরিফ হোসেন (৩০)। তিনি মোহনপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহনপুর এলাকার বাসিন্দা আবদুর রহমানের বসতঘরের দরজার সামনে প্রস্রাব করেন আরেক বাসিন্দা আরাফাত। বিষয়টি দেখে আরাফাতের সঙ্গে ঝগড়ায় জড়ান আবদুর রহমান। একপর্যায়ে সেখানে এসে উভয়ের মধ্যে বিরোধ মেটান প্রতিবেশী আরিফ হোসেন।

পুলিশ জানায়, এর জেরে আরাফাত পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল দিবাগত রাত দুইটার দিকে আরিফের ওপর হামলা চালান। হামলাকারীরা রডসহ দেশি অস্ত্র দিয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই হামলায় নিজের নাকের হাড় ভেঙে গেছে বলে দাবি করেছেন আরিফ হোসেন। তবে এ ব্যাপারে চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।