অনেকেই বলেন, এই রাষ্ট্রে এখন সবচেয়ে সস্তা হলো মানুষের জীবন। কথাটি যেন সম্প্রতি আবারও প্রমাণিত হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়।
কুষ্টিয়ার এক অতিদরিদ্র রিকশাচালক হৃদয় আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজে এবং তাঁর অসুস্থ ছয় বছরের মেয়ে উম্মে খাদিজাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বামী ও সন্তানকে সুস্থ করে বাড়ি ফেরার আকুতি নিয়ে কুষ্টিয়ার গ্রাম থেকে এসেছিলেন সেলিনা বেগম। সঙ্গে ছিল নতুন হাঁটতে শেখা দুই বছরের অবোধ শিশু আবু হুরায়রা। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই থমকে গেল। তিনি যখন স্বামী ও মেয়ের ওষুধ কেনার জন্য ছোটাছুটি করছিলেন, ঠিক তখনই হাসপাতালের চারতলা ভবনের অরক্ষিত দোতলার বারান্দা থেকে নিচে পড়ে চিরতরে নিভে গেল শিশু হুরায়রার প্রাণ।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে নিছক একটি ‘দুর্ঘটনা’ বলে দায় সারল। ডেথ সার্টিফিকেটে লিখে দিল ‘ব্রট ডেথ’। হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বলে দায় এড়াতে পারলেও রাষ্ট্র কি আসলেই এই দায় এড়াতে পারে?
একটু গভীরভাবে ভাবলে এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলার সুযোগ নেই। এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং সামগ্রিকভাবে আমাদের সমাজ ও অর্থনীতির কাঠামোগত অরক্ষিত অবস্থার নির্মম বাস্তব রূপ। এই করুণ ট্র্যাজেডি দেশের ভঙ্গুর ও অবহেলিত স্বাস্থ্যব্যবস্থারই এক নির্মম বহিঃপ্রকাশ।
কুষ্টিয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি জেনারেল হাসপাতাল থাকা সত্ত্বেও একজন দরিদ্র রিকশাচালককে চিকিৎসা নিতে কেন শত মাইল পাড়ি দিয়ে রাজশাহীতে আসতে হলো? এটি কি আমাদের জেলা ও উপজেলা পর্যায়ের ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থার চরম ব্যর্থতা নয়?
ইউনিয়ন, উপজেলা, এমনকি জেলা পর্যায়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট প্রবল। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাধ্য হয়ে চিকিৎসার জন্য বিভাগীয় শহরে ছুটছেন। পরিণতিতে রাজশাহীর মতো বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় ধারণক্ষমতার দুই থেকে তিন গুণ রোগী ভর্তি থাকেন। চরম ভিড় ও ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর চাপে মানুষ মেঝেতে, বারান্দায়, এমনকি সিঁড়ির নিচেও শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হন।
সংবিধান নাগরিকের স্বাস্থ্যসেবার অধিকারকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তব চিত্রে এটি সবচেয়ে উপেক্ষিত খাতগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি এক হাজার মানুষের জন্য অন্তত ৩টি শয্যা থাকা উচিত। অথচ আমাদের দেশে সেই অনুপাত একেরও কম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, জিডিপির অন্তত ৫ থেকে ৬ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া প্রয়োজন হলেও বছরের পর বছর ধরে বাংলাদেশে এই বরাদ্দ জিডিপির মাত্র ১ শতাংশের নিচে। ফলে সরকারি হাসপাতালগুলোয় শয্যাসংখ্যা ও অবকাঠামো প্রয়োজনের তুলনায় বাড়েনি।
হুরায়রার অকালমৃত্যু কেবল একজন দরিদ্র রিকশাচালক বাবার বুকফাটা আর্তনাদ কিংবা একজন মায়ের সকরুণ আহাজারির ঘটনা নয়; এর গভীরে প্রোথিত রয়েছে নীতিনির্ধারকদের উদাসীনতা এবং আমাদের সামগ্রিক রাষ্ট্রব্যবস্থা ও চিকিৎসাসেবার অব্যবস্থাপনার এক করুণ চিত্র।
স্বাধীনতার ৫৫ বছর পার হলেও উল্লেখযোগ্যসংখ্যক নতুন পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বড় জেনারেল হাসপাতাল গড়ে ওঠেনি। ইউনিয়ন পর্যায়ে ৩০ বছর আগে যতটুকু স্বাস্থ্যসেবা পাওয়া যেত, সময়ের পরিক্রমায় তা কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলো দিনে দিনে জনাকীর্ণ হয়ে উঠছে, যেন ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। গাদাগাদি করে রোগীরা মেঝে ও বারান্দায় অবস্থান নেন। হয়তো ছাদ খোলা থাকলে ট্রেনের ছাদের মতো সেখানেও তাঁদের অবস্থান নিতে হতো।
এসব হাসপাতালে শত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মধ্যেও যাঁরা চিকিৎসাসেবা দেন, তাঁদের কাছে নিত্যদিনের এই জনদুর্ভোগ কতটা উদ্বেগের বিষয়, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আজ অবধি দেখা যায়নি, ইন্টার্ন চিকিৎসক বা চিকিৎসকদের কোনো সংগঠন এসব সমস্যা নিয়ে কথা বলেছে, দাবি তুলেছে কিংবা প্রতিবাদ করেছে। বরং কোনো কারণে স্বজনেরা চিকিৎসা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলে কিংবা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললে চিকিৎসকেরা তাঁদের বিরুদ্ধে সরব হন। নিরাপত্তার দাবিতে চিকিৎসাসেবা দেওয়া থেকে বিরত থাকেন, এমনকি রোগীর স্বজনদের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও দ্বিধা করেন না।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় অবহেলা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে এর পেছনে সেবাদানকারীদের কাজের অনুপযুক্ত পরিবেশও একটি বড় কারণ। হাসপাতালগুলো প্রায় সব সময়ই ধারণক্ষমতার বাইরে রোগীর চাপ সামলাতে বাধ্য হয়। একটি ট্রেনের মধ্যে ভিড় ঠেলে যেমন টিটিই টিকিট পরীক্ষা করেন, তেমনি চিকিৎসকদেরও সরকারি হাসপাতালে ভিড় ঠেলে রোগীদের পরীক্ষা করতে হয়। এমন প্রতিকূল পরিবেশ, সীমিত সামর্থ্য ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল জনবল নিয়ে চিকিৎসকদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা প্রত্যাশা করাও অমূলক। পৃথিবীর আর কোনো দেশে চিকিৎসাকেন্দ্রগুলোর এমন হাঁসফাঁস পরিস্থিতি আছে কি না, আমার জানা নেই।
চিকিৎসাসেবার আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যেমন বিদ্যালয় থেকে সরে গিয়ে কোচিং সেন্টার–নির্ভর হয়ে পড়েছে, ঠিক তেমনি দেশের স্বাস্থ্যসেবাও এখন হাসপাতালকেন্দ্রিক না থেকে ‘ডায়াগনস্টিক সেন্টার’–নির্ভর বাণিজ্যিক চক্রে আটকে গেছে। চিকিৎসাসেবা আজ সেবার জায়গা থেকে সরে মুনাফাকেন্দ্রিক পরীক্ষা–নির্ভর বাণিজ্যে রূপ নিয়েছে। আর সেবা যখন মুনাফাপ্রধান করপোরেট বাণিজ্যে পরিণত হয়, তখন রোগীর সুস্থতা গৌণ হয়ে ওঠে, মুনাফাই হয়ে ওঠে মূল লক্ষ্য। সাধারণ অসুখের চিকিৎসা নিতেও রোগীর হাতে ধরিয়ে দেওয়া হয় হাজার হাজার টাকার পরীক্ষার স্লিপ।
ফলে চিকিৎসাসংক্রান্ত মোট খরচের প্রায় ৭০ শতাংশই নাগরিকদের নিজের পকেট থেকে বহন করতে হয়, যা প্রতিবছর লাখ লাখ প্রান্তিক মানুষকে নতুন করে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে। ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ কোম্পানি–নির্ভর এই স্বাস্থ্যব্যবস্থা সাধারণ মানুষের জীবনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে।
একটি জনাকীর্ণ সরকারি হাসপাতালের বারান্দায় গ্রিল কিংবা সুরক্ষাবেষ্টনী থাকবে না—এমন দায়িত্বহীনতা কীভাবে মেনে নেওয়া যায়? নথিপত্রে ‘ব্রট ডেথ’ লিখে দায় এড়ানো সম্ভব হলেও যে মা সুস্থ সন্তানকে হাত ধরে হাসপাতালে এনেছিলেন, তাঁকে যখন ছোট্ট সন্তানের শীতল, প্রাণহীন দেহ বুকে চেপে বাড়ি ফিরতে হয়, কিংবা অসুস্থ রিকশাচালক বাবার কাঁধে সন্তানের নিথর দেহ তুলে দিতে হয়, তখন এই ব্যর্থতার দায় কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রই এড়াতে পারে না।
চিকিৎসা নিতে এসে ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যাওয়া প্রতিটি রোগীর স্বজনেরই নিয়মিত রুটিন। ওষুধ আনতে মায়ের বাইরে যাওয়ার এই ছোট্ট মুহূর্তটিই যে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে ফিরে আসবে, তা হয়তো সেই হতভাগ্য মায়ের বিন্দুমাত্র ধারণাও ছিল না। এ ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সরকারি হাসপাতালগুলোয় প্রান্তিক মানুষের জীবনের নিরাপত্তা কতটা গৌণ। শিশুটিকে ওয়ার্ডে একা রেখে মাকে ওষুধ কিনতে বাইরে ছোটাছুটি করতে না হলে হয়তো এ দুর্ঘটনা ঘটত না।
সরকারি হাসপাতালে আজকাল বিনা মূল্যে প্রায় কিছুই পাওয়া যায় না। রোগীর স্বজনদের হাতে ধরিয়ে দেওয়া হয় বাইরে থেকে ওষুধ কিনে আনা ও পরীক্ষা করানোর স্লিপ। নামমাত্র কিছু ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রায় সবকিছুর জন্যই রোগীদের বাইরের ওপর নির্ভর করতে হয়। প্রায়ই ‘এই পরীক্ষা এখানে হয় না’, ‘মেশিন নষ্ট’ কিংবা দীর্ঘ সিরিয়ালের অজুহাত দেখিয়ে রোগীদের বাধ্য করা হয় বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চড়া মূল্যে পরীক্ষা করাতে।
শেষ কথা হলো, গোটা দেশের স্বাস্থ্যসেবা এখন যেন একটি অরক্ষিত বারান্দা—যেখানে প্রতিদিন সেবা পাওয়ার আশায় সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে, আর প্রতিদিন অসংখ্য হুরায়রা ‘ব্রট ডেথ’ হয়ে ফিরছে। হুরায়রার অকালমৃত্যু কেবল একজন দরিদ্র রিকশাচালক বাবার বুকফাটা আর্তনাদ কিংবা একজন মায়ের সকরুণ আহাজারির ঘটনা নয়; এর গভীরে প্রোথিত রয়েছে নীতিনির্ধারকদের উদাসীনতা এবং আমাদের সামগ্রিক রাষ্ট্রব্যবস্থা ও চিকিৎসাসেবার অব্যবস্থাপনার এক করুণ চিত্র।
স্বাস্থ্য বাজেট বৃদ্ধি, স্বাস্থ্য অবকাঠামোর সম্প্রসারণ, নিরাপত্তা জোরদার এবং চিকিৎসাসেবায় সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর সংস্কার না হলে সেই নির্মম বাণীই ধ্রুবসত্য হয়ে থাকবে—এ রাষ্ট্রে সত্যিই মানুষের জীবনের মূল্য সবচেয়ে কম।
ফরিদ খান অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ই–মেইল: faridecoru@yahoo.co.uk






