আর্জেন্টাইন ফুটবলের আবেগের ভাষা একটু অন্য রকম। সেখানে কখনো কখনো কথার চেয়ে চোখের জল বেশি কিছু বলে—আনন্দে, দুঃখে, প্রাপ্তিতে কিংবা হারানোর আশঙ্কায়। চারপাশের মানুষ তখন শুধু তাকিয়ে থাকে। বোঝার চেষ্টা করে, ওই কান্নার ভেতরে কতটা গল্প লুকিয়ে আছে। গতকাল যেমন কাঁদছিলেন লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নের আনুষ্ঠানিকতা সারতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। তাঁর কান্না দেখে আর্জেন্টাইনদের মুখে হাসি। যেন হারিয়ে যেতে বসা কোনো প্রিয় মানুষকে আবার ফিরে পাওয়া।

কিন্তু স্কালোনির এই থেকে যাওয়ার গল্পটা তো গতকালের নয়। এর শুরু আরও আগে। গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে হারের পর। সেই হারের পরই স্কালোনি বলেছিলেন, ‘ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে আছি...তারপর হয়তো থামব।’ কথাটা শুনে আর্জেন্টাইনদের বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গিয়েছিল। যে মানুষটি তাঁদের বিশ্বকাপ জিতিয়েছেন, তিনটি বড় শিরোপা এনে দিয়েছেন, সেই মানুষই কিনা চলে যাওয়ার কথা ভাবছেন!

ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি এবং তার পরিবারের সঙ্গে লিওনেল স্কালোনি। ছবির অন্য পাশে সেই চুক্তিপত্র

তারপর এসেছিল ৯ বছরের ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি। ফাইনালে হারের পর নিজের জন্মশহর পুজাতোয় গিয়েছিলেন স্কালোনি। মনটা একটু হালকা করতে। সেখানে পরিবারের সঙ্গে হাজির হয়েছিল ছোট্ট ফ্রাঙ্কো। হাতে এক টুকরো সাদা কাগজ। তাতে লেখা চুক্তিপত্র। ফ্রাঙ্কোর আবদার, স্কালোনি যেন তাতে সই করেন। সইটা ছিল ছোট্ট ছেলেটির কাছে এক পৃথিবী আশার প্রতিশ্রুতি। স্কালোনি হয়তো থেকে যাবেন!

অবশ্য স্কালোনির সেই সই ছিল বুঝিয়ে রাখার মতো। কিন্তু আর্জেন্টাইন সংবাদমাধ্যমে খবরটি আসার পর ফ্রাঙ্কোর মতোই আবেগপ্রবণ হয়ে পড়েছিল গোটা দেশ। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যেন একই আওয়াজ—থেকে যাও, থেকে যাও, স্কালোনি! সেই ডাক শেষ পর্যন্ত শুনেছেন স্কালোনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আসল চুক্তিপত্রে সই করে জানিয়ে দিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনিই থাকছেন আকাশি-সাদাদের ডাগ আউটে। কেন থাকলেন স্কালোনি? উত্তরটা সহজ। ভালোবাসা। সাড়ে চার কোটির বেশি আর্জেন্টাইন, আকাশি-সাদা পতাকা, জাতীয় দলের জার্সি। এসবের মায়া কাটিয়ে চলে যাওয়া কি এত সহজ!

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

তবে ভালোবাসার পাশাপাশি আছে আরও কিছু হিসাব। হৃদয়ের আবেগের সঙ্গে মস্তিষ্কের যুক্তিও তো মিলতে হয়। সেই যুক্তির প্রথম নাম লিওনেল মেসি। ২০১৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর স্কালোনির সাফল্যের গল্পের সবচেয়ে বড় অংশজুড়ে এই মানুষটি। কিন্তু মেসি গত সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন। আর স্কালোনির আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী মাসে। এমন অবস্থায় আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করা কিছুটা ঝুঁকির সিদ্ধান্তই।

কিন্তু স্কালোনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ২০১৮ বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির ব্যর্থতার পর সহকারী কোচ থেকে মূল কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তখনো সামনে ছিল অনিশ্চয়তা। এবারও তাই। পার্থক্য শুধু, এবার তাঁকে এগোতে হবে মেসিকে ছাড়াই। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্কালোনির থেকে যাওয়ার পেছনে চারটি বড় কারণ কাজ করেছে। মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ, সমর্থকদের ভালোবাসা, বন্ধু ও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বিরোধ মিটে যাওয়া এবং বেতন বৃদ্ধি।

তাপিয়ার ভূমিকাটাও কম নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কিন্তু স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে সভাপতির চেষ্টা ছিল আন্তরিক। বিশ্বকাপ ফাইনালে হারের পর যখন স্কালোনির বিদায়ের আশঙ্কা তৈরি হয়েছিল, তখন মেটলাইফ স্টেডিয়ামের ড্রেসিংরুমে তাপিয়াই প্রথম বলেছিলেন, ‘আমরা ওকে থেকে যাওয়ার জন্য রাজি করাব।’

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া

তাপিয়া জানতেন, স্কালোনিকে শুধু চুক্তির কাগজ দেখিয়ে ধরে রাখা যাবে না। বুঝতে হবে তাঁর মনের কথাও। ফাইনালে হারের পর স্কালোনি একদিকে দায়িত্ব ছাড়ার সম্ভাবনার কথা বলেছেন, অন্যদিকে মেসি-পরবর্তী আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও ভেবেছেন। বিশ্বকাপের পর প্রথম দল ঘোষণায় কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দেওয়া এবং ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজকে নতুন অধিনায়ক বানানো ছিল সেই পরিকল্পনারই অংশ। যেন মেসি-পরবর্তী যুগের জন্য আগেভাগেই একটা নকশা তৈরি করে রেখেছিলেন তিনি।

এই পরিকল্পনা বাস্তবায়নের আগ্রহ আরও বাড়িয়েছে তাঁর কোচিং স্টাফ। আর্জেন্টাইনদের ভালোবাসা তো আছেই। তার ওপর নিজের স্বপ্নের চাকরি ছেড়ে যাওয়ার কথা ভাবাও নিশ্চয়ই সহজ ছিল না। আর্জেন্টিনার প্রথম কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে দায়িত্ব পালনের হাতছানি আছে। আছে দেশটির জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর রেকর্ড গড়ার সুযোগও।

এ পর্যন্ত ১০৭ ম্যাচে আর্জেন্টিনার কোচ ছিলেন স্কালোনি।

এ পর্যন্ত ১০৭ ম্যাচে আর্জেন্টিনার কোচ ছিলেন স্কালোনি। সামনে শুধু গিয়ের্মো স্তাবিল। তাঁর ম্যাচসংখ্যা ১২৪। অর্থাৎ রেকর্ডটাও খুব বেশি দূরে নয়। তবে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে স্কালোনির। তাঁর কোচিং স্টাফ ও তাপিয়া সেটা বুঝতেন। তাই এই সময়ে কেউ তাঁকে বিরক্ত করেননি। স্পেনের মায়োর্কায় নিজের বাড়ি আর জন্মশহর পুজাতোয় ছুটি কাটিয়েছেন। ফাইনালে হারের কষ্টটা একটু একটু করে সরিয়ে মাথা পরিষ্কার করেছেন। আবার আকাশি-সাদা ডাগ আউটে দাঁড়ানোর তাগিদ খুঁজে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই বলেছেন, ‘আমাকে ভাবতে হয়েছে। সময় বেশ কঠিন ছিল। কখনোই বলিনি যে দায়িত্ব চালিয়ে যাব না। সময় অনেক ক্ষত সারিয়ে তোলে। ফাইনাল জিততে না পারার ধাক্কা বেশ বড় ছিল, মাথায় প্রথম যে চিন্তা এসেছিল তা হলো, কী করব, সামনে কী আছে তা দেখা এবং নিজেকে নতুন করে চাঙা করার চেষ্টা করা।’

তাপিয়ার সঙ্গে স্কালোনির প্রথম দফার বৈঠক হয়েছিল গত সেপ্টেম্বরের শেষ দিকে, সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির সময়। সেখানে খেলা ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হয়। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি চালিয়ে নেওয়ার ব্যাপারেও সমঝোতা হয়। তবে ২০২৮ কোপা আমেরিকার পর চুক্তি বাতিলের সুযোগ রাখা হয়েছে। পরিচিত ‘২+২’ কাঠামোর চুক্তি এটি।

স্কালোনির সিদ্ধান্তের পেছনে খেলোয়াড়দের ভূমিকাও আছে। দলের প্রতি তাঁর দায়বদ্ধতা, বড় লক্ষ্য অর্জনের মতো খেলোয়াড় এখনো দলে আছেন—এই বিশ্বাস এবং মেসিকে ছাড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ার চ্যালেঞ্জ তাঁকে নতুন করে উৎসাহিত করেছে।

লিওনেল মেসিকে ছাড়া এখন নতুন করে পরিকল্পনা করতে হবে স্কালোনিকে।

এর প্রমাণও আছে। মেসির অবসর নেওয়ার আগে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি বলেছিলেন, ‘দলে ভালো মানের খেলোয়াড় আছে এবং আমরা লড়াই চালিয়ে যেতে পারব।’

খেলোয়াড়েরাও কোচকে ধরে রাখতে চেয়েছেন। বেশ কয়েকজন প্রকাশ্যে তাঁর থেকে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। কেউ কেউ ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছেন। এত সব আবেগ, ভালোবাসা আর ভবিষ্যৎ পরিকল্পনার পরও একটা বাস্তবতা ছিল। অর্থ। বেতন-ভাতা।

আর্জেন্টিনার কোচ হিসেবে আট বছর কাটিয়েও স্কালোনি কখনো দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ তিন কোচের মধ্যে ছিলেন না। নতুন চুক্তিতে ব্রাজিলের কার্লো আনচেলত্তির পরই তাঁর অবস্থান হবে দুইয়ে। প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারোর প্রায় সমান পারিশ্রমিক পাবেন তিনি।

আবেগাপ্লুত কোচ স্কালোনি

কিন্তু বলুন তো, স্কালোনির আসল পারিশ্রমিক কি শুধু এই অর্থ? না। এর চেয়ে অনেক বড় কিছু আছে। সাড়ে চার কোটি মানুষের ভালোবাসা। একটা দেশের আবেগ। আকাশি-সাদা জার্সির সঙ্গে জড়িয়ে থাকা অগণিত স্মৃতি। এমন পারিশ্রমিক কোনো মুদ্রায় মাপা যায় না। কোনো চুক্তিপত্রে তার হিসাবও লেখা থাকে না।

স্কালোনি তাই থেকে গেলেন। আর্জেন্টিনার হৃদয়ে, আর্জেন্টিনার ডাগ আউটে।