অনেক সময় সামাজিক পিতৃতান্ত্রিক সংস্কৃতির কারণে বহু নারী ভাবতে শুরু করেন যে পরকালেও কি পুরুষদের একচেটিয়া প্রাধান্য থাকবে আর নারীদের শুধু নীরব দর্শক হয়ে থাকতে হবে?

প্রথমেই বুঝতে হবে, পার্থিব জীবনের জাগতিক হিসাব-নিকাশ, সামাজিক সুযোগ-সুবিধা কিংবা জীববৈজ্ঞানিক চাহিদা দিয়ে বেহেশতের অনন্তজীবনকে পুরোপুরি পরিমাপ করা সম্ভব নয়। আমরা যেসব শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকি, পরকালে মানুষের শরীর ও মনের সেই গঠন একেবারেই বদলে যাবে।

পৃথিবীতে মানুষ রোগশোক, হিংসা, ক্ষোভ, ঈর্ষা কিংবা বঞ্চনার মানসিক যন্ত্রণায় ভোগে। কিন্তু বেহেশতে প্রবেশের পর মানুষের ভেতর থেকে এই সমস্ত নেতিবাচক অনুভূতি চিরতরে মুছে ফেলা হবে।

বেহেশতের জীবন হলো পার্থিব সব ক্ষোভ, ক্লান্তি ও অসম্পূর্ণতার চূড়ান্ত অবসান; সেখানে মানুষের আত্মাকে এমন এক পবিত্র রূপ দেওয়া হবে যেখানে কোনো মানুষ আর কোনো অপ্রাপ্তি বা হিংসার অনুভূতি বহন করবে না। (আল–গাজালি, ইহয়াউ উলুমিদ দিন, ৪/৪৩০, দারুল মারিফাহ, বৈরুত, ১৯৮২)

বেহেশতে হুর বা বিশেষ সঙ্গীদের বিবরণ দেওয়ার সময় কেন মূলত পুরুষদের চাহিদাকে দৃশ্যমান করা হয়েছে এবং নারীদের পুরস্কারের ক্ষেত্রে কেন সেভাবে স্পষ্ট রূপক ব্যবহার করা হয়নি?

নারী ও পুরুষের প্রতিদান সমান

কোরআনে বেহেশতের নেয়ামত ও পুরস্কারের বিবরণ দিতে গিয়ে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে সম্বোধন করা হয়েছে। মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি কোনো কাজ সম্পাদনকারীর কাজ বিফল করি না—সে পুরুষ হোক কিংবা নারী; তোমরা একে অপরের অংশ। (সুরা ইমরান, আয়াত: ১৯৫)

অনেকের মনে প্রশ্ন জাগে যে বেহেশতে হুর বা বিশেষ সঙ্গীদের বিবরণ দেওয়ার সময় কেন মূলত পুরুষদের চাহিদাকে দৃশ্যমান করা হয়েছে এবং নারীদের পুরস্কারের ক্ষেত্রে কেন সেভাবে স্পষ্ট রূপক ব্যবহার করা হয়নি?

ইসলামি পণ্ডিতদের অনেকে যুক্তি দিয়েছেন, কোরআন অবতীর্ণ হওয়ার সময় সাধারণ পুরুষদের কাছে যা সবচেয়ে আকর্ষণীয় ছিল—যেমন সঙ্গী বা হুরের আনন্দ, তা তাদের উৎসাহ দেওয়ার জন্য উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে সাধারণ নারীদের মনস্তত্ত্বে যেসব বিষয় বেশি আকর্ষণ তৈরি করে—যেমন পরম স্বস্তি, অলংকার, সুন্দর পোশাক ও সুরম্য প্রাসাদ, তা নারীদের উদ্দেশ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কোরআনে বেহেশতিদের জন্য স্বর্ণের অলংকার ও রেশমি পোশাকের চমৎকার বর্ণনা রয়েছে। (সুরা কাহফ, আয়াত: ৩১)

ইমাম ফখরুদ্দিন আর-রাজি এ প্রসঙ্গে লিখেছেন, কোরআনের ভাষা অলংকারভিত্তিক এবং এটি মানুষের স্বভাবজাত আগ্রহকে লক্ষ্য করে বার্তা প্রদান করে; কিন্তু এর মূল প্রতিশ্রুতির ভেতরে নারী ও পুরুষ উভয়ের জন্য পূর্ণ ও আত্মতুষ্টির নিশ্চয়তা রয়েছে। (আর-রাজি, মাফাতিহুল গায়েব, ২১/১৫৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৮১)

মুসা (আ.) একবার মহান আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন যে বেহেশতে সবচেয়ে নিম্ন স্তরের মানুষের পুরস্কার কেমন হবে?

ঘটবে মানসিক পরিবর্তন

বেহেশতে মানুষের সবচেয়ে বড় উপহার হলো নিজের আল্লাহর দর্শন লাভ করা এবং অন্তরের প্রতিটি বাসনার পূর্ণ প্রতিফলন দেখা। কিন্তু পৃথিবীতে বসে আমরা যেভাবে একাধিক সঙ্গী বা অন্যায্য পছন্দের কথা ভাবি, বেহেশতের পবিত্র পরিবেশে সেই চিন্তাগুলোর ধরণ সম্পূর্ণ পাল্টে যাবে। সেখানে কারও ইচ্ছা অন্য কারও কষ্টের কারণ হবে না।

হাদিস শরিফে আছে, মুসা (আ.) একবার মহান আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন যে বেহেশতে সবচেয়ে নিম্ন স্তরের মানুষের পুরস্কার কেমন হবে? মহান আল্লাহ উত্তর দিয়েছিলেন, তাকে পৃথিবীর একজন সুবিশাল রাজার রাজত্বের চেয়েও দশ গুণ বেশি নেয়ামত দেওয়া হবে এবং সে যা মনে মনে কামনা করবে এবং তার চোখ যা দেখে আনন্দ পাবে, তাকে তা-ই দেওয়া হবে। (সহিহ মুসলিম, হাদিস: ৩১২)

আর সর্বোচ্চ স্তরের বেহেশতিদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে, যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও কখনো আসেনি। (সুরা সাজদাহ, আয়াত: ১৭)

এই বার্তা প্রমাণ করে যে বেহেশতে মানুষের কোনো আকাঙ্ক্ষাই অপূর্ণ থাকবে না। মহাগ্রন্থ কোরআনে নিশ্চিত করে বলা হয়েছে, সেখানে তারা যা চাইবে তা-ই পাবে; পরম প্রতিপালকের পক্ষ থেকে এটি এক অমোঘ প্রতিশ্রুতি। (সুরা ফুরকান, আয়াত: ১৫-১৬)

অন্য আয়াতে বলা হয়েছে, বিশ্বাসী ও সৎকর্মশীলদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে শুভ পরিণাম ও যা তারা কামনা করবে তা-ই (সুরা আশ-শুরা, আয়াত: ২২)

পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সত্যের ওপর টিকে থাকতে গিয়ে নিজেদের অন্যায় ইচ্ছা বা ক্ষতিকর বাসনা দমন করেন, পরকালে তাদের প্রতিদান হবে অপরিসীম।

ইনসাফের চূড়ান্ত রূপ

পৃথিবীর জীবনে যদি কোনো নারী বা পুরুষ সামাজিক বাধ্যবাধকতা, পারিবারিক নির্যাতন কিংবা অন্যায় কোনো ব্যবস্থার কারণে নিজের ন্যায়সংগত স্বপ্নগুলো কোরবানি দিয়ে বেঁচে থাকেন, তবে মহান আল্লাহর বিচারে তাঁর সেই ত্যাগের মূল্য কখনো হারিয়ে যাবে না।

ধর্ম আমাদের শেখায় যে পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সত্যের ওপর টিকে থাকতে গিয়ে নিজেদের অন্যায় ইচ্ছা বা ক্ষতিকর বাসনা দমন করেন, পরকালে তাদের প্রতিদান হবে অপরিসীম।

পরকালের বিচারে কারও প্রতি সামান্যতম অবিচার করা হবে না। সেখানে কোনো স্ত্রী তার স্বামীর কারণে কষ্ট পাবেন না, কিংবা কোনো মানুষ নিজেকে বঞ্চিত বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করবেন না। বেহেশতে সকলের ইচ্ছা এমন এক অলৌকিক সুষমায় পূরণ করা হবে যে প্রতিটি মানুষ পূর্ণ তৃপ্তি ও প্রশান্তি লাভ করবে।