প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে; নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: readers@prothomalo.com
দিন কয়েক আগে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। মনটা যেন একটু মুক্তির অপেক্ষায়। বন্ধুরা মিলে ঠিক করলাম, কাছাকাছি কোথাও গিয়ে বেড়িয়ে আসব। শেষ পর্যন্ত পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজকে গন্তব্য হিসেবে বেছে নেওয়া হলো।
দিনটি ছিল ২৬ মে ১৯৯৮। ৮-১০ জন বন্ধু মিলে রাজশাহীর আড়ানী রেলস্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে বসলাম। ঝিক্ ঝিক্ শব্দে ট্রেন চলেছে। জানালার বাইরে পাল্টে যেতে লাগল গ্রামের দৃশ্য—সবুজ মাঠ, গাছপালা, ছোট ছোট জনপদ। ট্রেনের ভেতরে তখন ফেরিওয়ালাদের ব্যস্ত ছোটাছুটি। যাত্রীরা ঠিকমতো উঠতে-নামতে পারছেন কি না, সেদিকে তাঁদের খেয়াল নেই। বাদাম, চানাচুর, ফলমূল নিয়ে ছুটে বেড়াচ্ছেন তাঁরা।
লোকমানপুর স্টেশন ছেড়ে ট্রেন এসে থামল আবদুলপুর জংশনে। দেখতে দেখতে প্রায় এক ঘণ্টা হয়ে গেল, কিন্তু ট্রেন ছাড়ার খবর নেই। পরে জানা গেল, আন্তনগর ট্রেনের ক্রসিংয়ের জন্য এই বিরতি। হঠাৎ সিগন্যাল এল। ট্রেনের চাকা মোচড় দিয়ে উঠল। লাফালাফি করে যাত্রীরা যে যাঁর মতো ট্রেনে উঠতে শুরু করলেন। আমরা অবশ্য নিজেদের আসনেই বসে আছি।
এমন সময় মাঝবয়সী এক লোক প্রাণপণে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। কোনোমতে হ্যান্ডেল ধরে এক পা সিঁড়িতে রেখে বাদুড়ঝোলা হয়ে আছেন। ট্রেনের দরজায় বসে আছেন এক ফেরিওয়ালা। পাশে কলার ঝুড়ি রেখে পা ঝুলিয়ে বেশ আরাম করে বসে আছেন তিনি। লোকটি নিরুপায় হয়ে ফেরিওয়ালার বাঁ ঊরু ও কাঁধে পা দিয়ে কোনোমতে ট্রেনে উঠে এলেন। এতে ফেরিওয়ালা ক্ষিপ্ত হয়ে তাঁকে যা-তা বলে গালিগালাজ শুরু করলেন। কয়েকজন যাত্রীও ঘটনা না জেনে লোকটিকেই দোষারোপ করতে লাগলেন। ভয়ে তিনি কাঁপছিলেন।
বন্ধু শিহাব আর চুপ থাকতে পারল না। প্রতিবাদ করে উঠল। বলল, সব দোষ ওই ফেরিওয়ালার। মানুষটি ট্রেন থেকে পড়েও যেতে পারতেন।
যাত্রীরা এবার ফেরিওয়ালাকেই বকা দিতে শুরু করলেন। সেই সুযোগে ফেরিওয়ালা উধাও। মাঝবয়সী মানুষটি শিহাবের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসলেন।
হইচই থামিয়ে দিল ট্রেন থামার ক্যাঁচক্যাঁচ শব্দ। বোর্ডে লেখা, ঈশ্বরদী জংশন। বেবিট্যাক্সিতে মাত্র ২০ মিনিটেই আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। ব্রিজের ওপর দুটি ব্রডগেজ রেললাইন। ওই বয়সে বাড়ি থেকে এতটা দূরে কোথাও গিয়ে সামান্য রেললাইন দেখার মধ্যেও রোমাঞ্চকর অনুভূতি লুকিয়ে ছিল।
ব্রিজের নিচে পদ্মার স্বচ্ছ পানির ঢেউ। নদীর এক পারে বিস্তীর্ণ সবুজ প্রান্তর; অন্য পারে একসঙ্গে মিশেছে বালুচর, মেঘ আর আকাশ। সফরে খাদ্য বিভাগের দায়িত্ব ছিল মুকুলের কাঁধে। তার আহ্বানে সবাই ব্রিজের নিচে বালুর ওপর লতাপাতা বিছিয়ে বসে পড়লাম। খোলা আকাশের নিচে বসে খাওয়াদাওয়া ভালো লাগছিল। হঠাৎ দূরে বিকট আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে গেলাম। পরে দেখি, একটা আন্তনগর ট্রেন হুড়মুড় শব্দে আমাদের মাথার ওপর দিয়ে চলে গেল। ভয় কেটে যাওয়ার পর একে একে সবকিছু নিয়ে মজা করে ধারাভাষ্য দিচ্ছিল হালিম।
২.
দীর্ঘ ২৮ বছর পর, গত ২৬ জুন, মেয়ের এসএসসি পরীক্ষা শেষে তাকে নিয়ে সপরিবার আবার গেলাম পাকশী হার্ডিঞ্জ ব্রিজ দেখতে। বদলে গেছে অনেক কিছু। ব্রিজের দক্ষিণ পাশে লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ব্রিজের নিচে অস্থায়ী খাবার দোকান। নদীর পাড়ে বাঁধা আছে সারি সারি নৌকা। অনেক বিদেশি দর্শনার্থীও নৌকায় ঘুরছেন। আমরাও একটি নৌকায় উঠলাম। মেয়ে কৌতূহল নিয়ে কথা বলছিল ষাটোর্ধ্ব মাঝি রশিদ ভাইয়ের সঙ্গে। আমার ওদিকে মনোযোগ নেই। আমি কৈশোরের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি তখন।
হঠাৎ মাঝির গলা শুনে সংবিৎ ফিরল আমার। মেয়ের কৌতূহলভরা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলছিলেন, ‘কিছু মানুষ ডিজার দিয়া পোতিদিন বালু কাটতিচে। এতি বিরিজের চারদিকের মাটি সইরি দুর্বল হয়া যাচ্চে। বুলাকেরও (বাঁধ) ক্ষতি হতি পারে। আমরা মাঝিরা মেলা কিছু দেকি ও চুপ কইরি থাকি।’
মাঝির কথা শুনে মেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আমি যেন ফিরে গেলাম ২৮ বছর আগে, আবদুলপুর জংশনের সেই ট্রেনের দরজায়, শিহাবের কাছে। সেদিন আর কেউ ফেরিওয়ালার অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ করা শিহাব পেরেছিল। ভাবছিলাম, এই প্রজন্মেও কি কোনো শিহাব হঠাৎ একদিন আসবে? এসে নদী, পরিবেশের পক্ষ হয়ে কথা বলবে? আমার মেয়ের কপালের দুশ্চিন্তার ভাঁজ পুরু হতে হতে একদিন কি সে নিজেই হয়ে উঠতে পারবে ‘শিহাব’?
দিনের শুরুটা হয়েছিল উচ্ছ্বাস নিয়ে। বিকেলের নরম আলোয় মনটা ভারী হয়ে এল। মেয়েকে বুঝতে দিলাম না। পেছনে পড়ে রইল স্মৃতিময় পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, পদ্মার পাড় আর লালন শাহ সেতু। সঙ্গে নিয়ে ফিরলাম একরাশ স্মৃতি আর কিছু অমীমাংসিত প্রশ্ন।






