ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সেই ভাষাতেই এখন থেকে ছাত্রদল তাদের জবাব দেবে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন রাকিবুল ইসলাম। এর আগে দেশজুড়ে ‘সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ মিছিল’ করে ছাত্রদল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসি, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। মিছিলে অংশ নেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতা–কর্মী।
সমাবেশে রাকিবুল ইসলাম বলেন, বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে ছাত্রদল সেটা রাজপথে প্রতিহত করবে। সাহস থাকলে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশে এসে কর্মসূচি ঘোষণা করার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর প্রতি গণতান্ত্রিক ছাত্ররাজনীতির চর্চার আহ্বান জানান ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। ছাত্রদল ভুল করলে অন্য সংগঠনগুলো তার প্রতিবাদ করবে। জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে ছাত্রদলের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার অধিকার সবার রয়েছে।
গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে রাকিবুল ইসলাম বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মিছিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ফ্যাসিবাদ–পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, তখন শেখ হাসিনা আবারও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তবে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ছাত্রদলও দেশের ছাত্রসমাজকে নিয়ে রাজপথে থাকবে। যেখানে ছাত্রলীগের নেতা–কর্মীদের পাওয়া যাবে, ছাত্রদল সেখানেই প্রতিহত করবে।





