বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে আলাদা নামেও কয়েকটি সৈকত রয়েছে। যেমন লাবণী, ইনানী, কলাতলী, সুগন্ধা, দরিয়ানগর ইত্যাদি। মূল সমুদ্রসৈকত থেকে ওশান প্যারাডাইস হোটেলের দূরত্ব প্রায় ৬০০ গজ। হোটেল থেকে সৈকত দেখা–ও যায়। হ্যাঁ, এ হোটেলেই ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন।

সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিরা অংশ নেন। সরকারি ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে সাতটি অধিবেশন অনুষ্ঠিত হয় দুই দিনে।

ঋণ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, অর্থায়নের নতুন উৎস এবং ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ানোর নানা দিক উঠে এসেছে। দুই দিনের আলোচনায় বিশেষজ্ঞরা বলেছেন, শুধু ঋণ সংগ্রহ নয়, সেই অর্থের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আলোচনায় বন্ড, সুকুক ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অর্থায়নের উৎস বাড়ানো, রাজস্ব আয় বৃদ্ধি এবং ঋণ ব্যবস্থাপনায় সংস্কারের ওপর গুরুত্ব দেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

সম্মেলনে বাংলাদেশের ঋণ পরিস্থিতির ঝুঁকি ও সম্ভাবনার পাশাপাশি ভবিষ্যৎ অর্থায়ন কৌশল নিয়ে আলোচনা হয়। ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে বন্ড ও সুকুকের বাজার বড় করা, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং সরকারি বিনিয়োগে বেসরকারি মূলধন যুক্ত করার বিষয়গুলো সামনে আসে। তবে নতুন অর্থায়নের উৎস খুঁজতে গিয়ে উচ্চ সুদ, বৈদেশিক মুদ্রার ঝুঁকি ও ভবিষ্যৎ ঋণ পরিশোধের চাপ যেন না বাড়ে, সে সতর্কতাও ছিল আলোচনায়।

অর্থায়নের নতুন উৎস

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বার্তা দিলেন। তিনি বলেন, বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড বাজার শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ইউরোবন্ড, সুকুক, জাপানের সামুরাই বন্ড ও চীনের পান্ডা বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি স্থানীয় বন্ড বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিদেশি ঋণ শোধের চাপ বাড়বে

কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে। ঋণ সম্মেলনেও এই বিষয়টি উঠে এসেছে। সম্মেলনের সমাপনী দিনে কোন বছর কত শোধ করতে হবে, সেই হিসাবও দিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আসল ও সুদ মিলিয়ে ৪৪৯ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় বার্ষিক পরিশোধের পরিমাণ ৫৫০ কোটি ডলারে উঠতে পারে। ২০৩০ অর্থবছরের দিকে তা পৌঁছাতে পারে ৭৬০ কোটি ডলারে।

তাঁর মতে, অতীতে নেওয়া ঋণের মেয়াদপূর্তির কারণেই এ চাপ বাড়ছে। দায়িত্বশীলতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। এ জন্য আগামী পাঁচ বছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব আয় ২ শতাংশ বাড়ানো হবে। পাশাপাশি ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুক ব্যবহারের পরামর্শ দেন তিনি।

আইএমএফ ও বিশ্বব্যাংক কোনো দেশের ঋণ টেকসই কি না, তা মূল্যায়ন করে। কিন্তু সেই ঋণ নেওয়া আদৌ যৌক্তিক ছিল কি না, তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট দেশের, এমন কথা বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।

তানভীর গনি বলেন, ঋণনীতির প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের জীবনে। ডলারের সংকট হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। জ্বালানির খরচ বেড়ে যাওয়া, বন্দরে চিকিৎসাসামগ্রী আটকে থাকা কিংবা কারখানার কার্যক্রম থমকে যাওয়ার পেছনেও ঋণ ও অর্থায়ন ব্যবস্থাপনার প্রভাব রয়েছে।

‘দেশগুলো কেন ঋণ নেয়’

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর আইএমএফের সাবেক উপদেষ্টা ও জলবায়ু অর্থায়ন বিভাগের প্রধান প্রসাদ অনন্তকৃষ্ণন ‘দেশগুলো কেন ঋণ নেয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে বলা হয়, ঋণের টেকসই ব্যবস্থাপনার সঙ্গে সুদের হার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কার্যকর সুদের হারের চেয়ে বেশি হলে সাধারণত ঋণ ব্যবস্থাপনা সহজ হয়। বিপরীত পরিস্থিতিতে ঋণ টেকসই রাখা কঠিন হয়ে পড়ে।

প্রসাদ অনন্তকৃষ্ণনের মতে, ঋণের অর্থ এমন উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহার করতে হবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি করবে, সরকারি সেবার মান উন্নত করবে এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিতে থাকায় অর্থায়নের উৎস বহুমুখী করা, অভ্যন্তরীণ বন্ডবাজার শক্তিশালী করা এবং ঋণ ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। কারণ, এলডিসি উত্তরণের পর সহজ শর্তের অর্থায়ন পাওয়ার সুযোগে পরিবর্তন আসবে।

উচ্চ সুদের হারের পরিবেশে ঋণ ব্যবস্থাপনা নিয়ে দ্বিতীয় অধিবেশনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ ঋণবিশেষজ্ঞ লিলিয়া রাজলগ পাকিস্তানের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ঋণমান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসংক্রান্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পাকিস্তান মার্কিন ডলার ও চীনা মুদ্রাভিত্তিক কর্মসূচির মাধ্যমে অর্থায়নের সুযোগ বাড়িয়েছে। দেশটি গ্রিন পান্ডা বন্ড, ডিজিটাল খুচরা বন্ড ও জলবায়ুসংশ্লিষ্ট অর্থায়ন সুবিধার মতো নতুন উপকরণ ব্যবহারের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কর-জিডিপি অনুপাত ৮ দশমিক ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৩ শতাংশে নিয়েছে।

শক্তিশালী করতে হবে দেশীয় বন্ডবাজার

তৃতীয় অধিবেশনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাতবিশেষজ্ঞ জসোল্ট বাঙ্গো স্থানীয় মুদ্রায় বন্ডবাজার উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তাঁর আলোচনায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দেশীয় মুদ্রার বন্ডবাজারে আকৃষ্ট করার বিষয়টি উঠে আসে।

এ অধিবেশনে বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নির্ভরযোগ্য ঋণপত্র ইস্যু সূচি, সুস্পষ্ট কৌশল এবং নিয়মিত যোগাযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজারে লেনদেন বাড়াতে মার্কেট মেকার ও দ্বিতীয় পর্যায়ের বাজার শক্তিশালী করা প্রয়োজন। দক্ষ পরিশোধব্যবস্থা গড়ে তুলে লেনদেনের ব্যয়ও কমাতে হবে।

এ অধিবেশনে বক্তারা জানান, সরকারি ও বহুপক্ষীয় সংস্থার অর্থায়ন ব্যবহার করে অবকাঠামো ও জলবায়ু–সংশ্লিষ্ট প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব। এ জন্য গ্যারান্টি ও ঋণমান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। তবে সরকারি গ্যারান্টি ও সম্ভাব্য দায়ের আর্থিক ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন, ব্যয় নির্ধারণ ও প্রকাশ করাও জরুরি। বাংলাদেশে কার্যকর সরকারি-বেসরকারি অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে ঋণযোগ্য প্রকল্প ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তাঁরা।

সুকুক ও ইউরোবন্ডে সম্ভাবনা, ঝুঁকিও

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সুকুক ও আন্তর্জাতিক বন্ডের সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সুকুক বিশেষজ্ঞ লিম সায় চিয়ং। আলোচনায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

লিম সায় চিয়ং বলেন, সুকুক বাজার বড় করতে শক্তিশালী আইনি কাঠামো, শরিয়াহ তদারকি, বিনিয়োগকারীদের সুরক্ষা ও করের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বাজারে সুকুক ছাড়ার আগে ঋণমান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও বাড়ানো জরুরি।

অন্যদিকে সার্বভৌম ইউরোবন্ডের মাধ্যমে সরকার বড় অঙ্কের অর্থ দীর্ঘ মেয়াদে সংগ্রহ করতে পারে বলে মত দেন লিম সায় চিয়ং। তবে এতে সুদের ব্যয় বেশি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। লিম সায় চিয়ং বলেন, গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড ও পান্ডা বন্ডের মতো উপকরণও নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে পারে। তবে এ জন্য ঋণ পরিশোধের সক্ষমতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে হবে।

ঋণ ব্যবস্থাপনায় সমন্বিত প্রতিষ্ঠান দরকার

সম্মেলনের ষষ্ঠ অধিবেশনে ঋণ টেকসই রাখার কাঠামো নিয়ে আলোচনা হয়। আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের বাংলাদেশ ডেস্কের অর্থনীতিবিদ ইউকুন ডিং অনলাইনে যুক্ত হয়ে বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানো হয়েছে। এ সময় সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার, বিশেষ করে রাজস্ব আহরণ বাড়ানোর কাঠামোগত সংস্কার বাস্তবায়নের সুযোগ রয়েছে।

অধিবেশনে স্বল্প আয়ের দেশগুলোর ঋণ টেকসই বিশ্লেষণ কাঠামো হালনাগাদের বিষয়টি তুলে ধরা হয়। নতুন কাঠামোয় অভ্যন্তরীণ সরকারি ঋণ ও সংশ্লিষ্ট ঝুঁকির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সপ্তম অধিবেশনে সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যালয় বা ডিএমও প্রতিষ্ঠা ও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এডিবির পরামর্শক জুলিয়ান সিম্যানস্কি। আলোচকেরা বলেন, খণ্ডিত ঋণ ব্যবস্থাপনার কারণে তথ্যের সামঞ্জস্য, সমন্বয় ও পরিচালনগত দক্ষতায় সমস্যা তৈরি হয়। একটি কার্যকর ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ে ঋণ গ্রহণের জন্য ফ্রন্ট অফিস, কৌশল ও ঝুঁকি বিশ্লেষণের জন্য মিডল অফিস এবং ঋণের তথ্য সংরক্ষণ ও পরিশোধের জন্য ব্যাক অফিস থাকা প্রয়োজন।

শেষ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির পরামর্শক জুয়ান প্রাদেল্লি। সার্বভৌম ইউরোবন্ড, গ্রিন ও থিমেটিক বন্ডসহ বিকল্প অর্থায়ন উপকরণ নিয়ে আলোচনা করেন তিনি। এতে শ্রীলঙ্কা, এডিবি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বলা হয়, ইউরোবন্ডের মাধ্যমে বড় অঙ্কের অর্থ দীর্ঘ মেয়াদে সংগ্রহ করা সম্ভব হলেও এর ব্যয় বেশি, বিনিময় হারের ঝুঁকি রয়েছে এবং মেয়াদ শেষে বড় অঙ্কের অর্থ একসঙ্গে পরিশোধ করতে হয়।

বাংলাদেশের জন্য কী বার্তা

দুই দিনের আলোচনা থেকে বাংলাদেশের জন্য কয়েকটি করণীয় স্পষ্ট হয়েছে। প্রথমত, ব্যাংকঋণের বাইরে অর্থায়নের উৎস বাড়াতে হবে। স্থানীয় বন্ডবাজার শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইউরোবন্ড, সামুরাই বন্ড, পান্ডা বন্ড ও সুকুক ছাড়ার প্রস্তুতি নিতে হবে। তবে এসব ঋণের সুদ, মেয়াদ ও বৈদেশিক মুদ্রার ঝুঁকি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে।

দ্বিতীয়ত, রাজস্ব আয় বাড়াতে হবে। ঋণের সুদ পরিশোধে সরকারের আয়ের বড় অংশ ব্যয় হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক সুরক্ষায় ব্যয়ের সুযোগ কমে যায়। তাই কর-জিডিপি অনুপাত বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থার সংস্কার জরুরি।

তৃতীয়ত, সরকারের সব ঋণের তথ্য এক জায়গায় এনে ঋণ গ্রহণ, ঝুঁকি বিশ্লেষণ ও পরিশোধের পরিকল্পনা সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। এ জন্য শক্তিশালী ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গড়ে তোলা প্রয়োজন।

চতুর্থত, সরকারি বিনিয়োগে বেসরকারি মূলধন যুক্ত করতে ভালো প্রকল্প তৈরি, বিনিয়োগকারীদের সুরক্ষা ও ঝুঁকি ভাগাভাগির কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

পঞ্চমত, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা ও ঋণ ব্যবস্থাপনার তথ্য স্বচ্ছভাবে তুলে ধরতে হবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অর্থায়নের ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে।

সম্মেলনের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে, তা হলো—ঋণ নেওয়া নিজে কোনো সমস্যা নয়; সমস্যা তৈরি হয় ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং সেই ঋণ পরিশোধের সক্ষমতা কতটা তৈরি হচ্ছে, তার ওপর।

সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্য অর্জনে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। সেই অর্থ শুধু ব্যাংকঋণ কিংবা বিদেশি ঋণের ওপর নির্ভর করে জোগাড় করা সম্ভব নয়। প্রয়োজন শক্তিশালী পুঁজিবাজার, কার্যকর বন্ডবাজার, সুকুক, বিদেশি বিনিয়োগ এবং বেসরকারি মূলধনের অংশগ্রহণ।

সম্মেলন বাংলাদেশকে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও করণীয় সম্পর্কে ধারণা দিয়েছে। তবে শেষ পর্যন্ত দেশ কতটা লাভবান হবে, তা নির্ভর করবে আলোচনায় উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের উদ্যোগের ওপর। নতুন ঋণ সংগ্রহের চেয়ে ঋণের উৎপাদনশীল ব্যবহার, রাজস্ব আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিশোধের সক্ষমতা তৈরি করাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।