লবণাক্ততা, খরা কিংবা ভারী ধাতুর বিষক্রিয়া—প্রতিকূল পরিবেশেও কীভাবে উদ্ভিদকে টিকিয়ে রাখা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে কাজ করছেন উদ্ভিদ শারীরতত্ত্ববিদ কামরুন নাহার। তাঁর গবেষণার স্বীকৃতি হিসেবে এসেছে আন্তর্জাতিক ফেলোশিপ ও পুরস্কার। কথা বলেছেন গবেষণার অভিজ্ঞতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং তরুণ গবেষকদের নিয়ে তাঁর স্বপ্নের কথা। তাঁর সঙ্গে কথা বলেছেন কাজী আকাশ।
দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হওয়ার পাশাপাশি আপনি পেয়েছেন ফায়জাহ এম আল-খারাফি পুরস্কার। খবরটি পেয়ে আপনার অনুভূতি কেমন ছিল?
কামরুন্নাহার: খবরটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই দুটি আন্তর্জাতিক স্বীকৃতি আমার দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের মূল্যায়ন। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের বিজ্ঞান গবেষণার জন্যও সম্মানের। এই স্বীকৃতি আমাকে গবেষণায় আরও অনুপ্রাণিত করেছে এবং তরুণ, বিশেষ করে নারী গবেষকদের উৎসাহিত করার দায়িত্ব বাড়িয়েছে।
আপনার গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ভিদের অ্যান্টি-অক্সিডেন্ট প্রতিরক্ষাব্যবস্থা ও গ্লাইঅক্সালেজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক। বিষয়টি আমাদের কিশোর পাঠকদের জন্য একটু বুঝিয়ে বলবেন? উদ্ভিদের বেঁচে থাকার ক্ষেত্রে এই দুই ব্যবস্থা কীভাবে কাজ করে?
কামরুন্নাহার: উদ্ভিদের এই দুই ব্যবস্থা প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করে। খরা, লবণাক্ততা ও ভারী ধাতুর বিষক্রিয়ায় অ্যান্টি–অক্সিডেন্ট এনজাইম নিয়ন্ত্রণ করে ক্ষতিকর রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস (ROS)। অন্যদিকে, গ্লাইঅক্সালেজ ব্যবস্থা বিষাক্ত মিথাইলগ্লাইঅক্সালকে নিরীহ যৌগে রূপান্তর করে। এদের সম্মিলিত কার্যক্রম উদ্ভিদকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে।
লবণাক্ততা ও খরা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। এসব প্রতিকূল পরিবেশে গাছের কোষের ভেতরে কী ধরনের পরিবর্তন ঘটে? কিছু কিছু উদ্ভিদ অন্যদের তুলনায় এসব চাপ বেশি সহ্য করতে পারে কেন?
কামরুন্নাহার: লবণাক্ততা ও খরার কারণে উদ্ভিদের কোষে পানির ঘাটতি, আয়নিক ভারসাম্যহীনতা ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদের কোষঝিল্লি ও সালোকসংশ্লেষণ। তবে কিছু উদ্ভিদ প্রোলিন ও অন্যান্য অসমোপ্রোটেকট্যান্ট জমা করে, অ্যান্টি–অক্সিডেন্ট প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে এবং পানি ও আয়নের ভারসাম্য বজায় রেখে এসব চাপ সহ্য করতে পারে।
আপনি সংকেতবাহী অণু ও অল্প পরিমাণে প্রয়োজনীয় খনিজ উপাদান ব্যবহার করে ফসলের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে গবেষণা করেছেন। এই পদ্ধতিগুলো কীভাবে কাজ করে? বাস্তবে কৃষকের মাঠে প্রয়োগের ক্ষেত্রে সম্ভাবনা কেমন?
কামরুন্নাহার: সংকেতবাহী অণু, অ্যান্টি–অক্সিডেন্ট ও প্রয়োজনীয় খনিজ উপাদান উদ্ভিদের প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থাকে সক্রিয় করে। ফলে অক্সিডেটিভ ক্ষতি কমে এবং পানি ও আয়নের ভারসাম্য বজায় থাকে। মাঠপর্যায়ে উপযুক্ত মাত্রা ও প্রয়োগপদ্ধতি যাচাই করে এসব প্রযুক্তি ব্যবহার করা গেলে ফসলের উৎপাদনশীলতা ও প্রতিকূলতা সহনশীলতা বাড়ানো সম্ভব।
কৃষকের মাঠে এসব পদ্ধতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে উপযুক্ত মাত্রা, প্রয়োগের সময় ও পদ্ধতি নির্ধারণ করে মাঠপর্যায়ে পরীক্ষা করা জরুরি। সঠিকভাবে প্রয়োগ করা গেলে এসব কৌশল ফসলের উৎপাদনশীলতা ও জলবায়ুসহনশীলতা বাড়াতে এবং কৃষকের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মৌলিক গবেষণার ফল কৃষকের কাছে পৌঁছে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত জরুরি। পাশাপাশি সরকারি নীতি সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং মাঠপর্যায়ে কার্যকারিতা যাচাই প্রয়োজন। বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গবেষণালব্ধ প্রযুক্তিকে কৃষকের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী করা সম্ভব।
বাংলাদেশে উদ্ভিদবিজ্ঞান ও কৃষিবিজ্ঞানে নতুন গবেষকদের জন্য কোন ক্ষেত্রগুলোতে কাজ করার সুযোগ সবচেয়ে বেশি বলে মনে করেন? বিশেষ করে তরুণ নারী গবেষকদের উদ্দেশে আপনার কোনো পরামর্শ আছে?
কামরুন্নাহার: জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও খরাসহনশীল ফসল উদ্ভাবন, জৈবপ্রযুক্তি, মাটির স্বাস্থ্য এবং ভারী ধাতুর বিষক্রিয়া মোকাবিলা নিয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। তরুণ গবেষকদের প্রতি আমার পরামর্শ হলো নিজের আগ্রহ অনুযায়ী গবেষণার বিষয় নির্বাচন করতে হবে এবং ধৈর্য, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। বিশেষ করে নারী গবেষকদের বলব, নিজের সম্ভাবনাকে কখনো সীমাবদ্ধ ভাববেন না। সাহসের সঙ্গে এগিয়ে যান এবং নিজেদের কাজের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখুন।





