হাসপাতালে মানুষ যায় জীবন বাঁচানোর আশায়। অসুস্থ শরীর নিয়ে ভর্তি হওয়া একজন রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসা, নিরাপত্তা ও যত্ন। অথচ হাসপাতালের ছয়তলার জানালায় গ্রিল না থাকায় রোগী পড়ে মারা গেলে একে নিছক দুর্ঘটনা বলার সুযোগ কতটুকু?

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ বছর বয়সী শিরিন বেগমের মৃত্যুর ঘটনা আমাদের এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। গত শনিবার রাতে হাসপাতালের ষষ্ঠতলার মেডিসিন বিভাগের খোলা জানালা দিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়। মাথাব্যথা ও জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, জানালায় কোনো গ্রিল ছিল না।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত মাসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের আটতলা থেকে পড়ে প্রাণ হারায় ১৫ বছর বয়সী কিশোরী সামিয়া নুর। অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তার মা। মায়ের সঙ্গে হাসপাতালে থাকা মেয়েটি ওয়ার্ডের একটি বড় জানালার মতো খোলা জায়গায় বসেছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়।

দুটি ঘটনা, দুটি পরিবার, দুটি মৃত্যু। হাসপাতাল আলাদা, কিন্তু নিরাপত্তাহীনতার চিত্র প্রায় একই। প্রশ্ন হচ্ছে, মানুষের জীবন রক্ষার দায়িত্ব যাদের, তাদের অবহেলায় হাসপাতালেই যদি মানুষের মৃত্যু হয়, তাহলে দায় নেবে কে?

হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তার প্রশ্নে সামান্য অবহেলারও সুযোগ নেই। সেখানে শিশু, প্রবীণ, শারীরিকভাবে দুর্বল ও চলাচলে অক্ষম রোগী এবং তাঁদের স্বজনেরা থাকেন। প্রতিটি জানালা, বারান্দা ও চলাচলের পথ নিরাপদ রাখা কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব। ছয়তলা বা আটতলার জানালায় গ্রিল কিংবা প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না থাকা সাধারণ ত্রুটি নয়; এটি চরম প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক গাফিলতি।

দুটি মৃত্যুর পরও যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে সেটি আরও ভয়াবহ। কেন এসব ভবনে নিরাপত্তার ব্যবস্থা ছিল না, কারা এর দায়িত্বে ছিলেন, ঝুঁকির বিষয়টি আগে নজরে এসেছিল কি না—সবকিছু তদন্ত করতে হবে। শুধু পুলিশি তদন্তের কথা বলে হাসপাতাল প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই।

এসব ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশল বিভাগ এবং ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের জানালা, বারান্দা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান জরুরিভাবে পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।