জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এ জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকার জার্মান দূতাবাস। ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা আবেদনে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু করছে দেশটি। অনলাইনে আবেদন পূরণ, প্রয়োজনীয় নথি জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা নতুন এই ব্যবস্থায় জানতে পাবেন শিক্ষার্থীরা। নতুন এ ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমবে বলে আশা করছে ঢাকার জার্মান দূতাবাস।

আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই সমস্যা কমিয়ে আবেদনপ্রক্রিয়াকে আরও গতিশীল করতেই নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ পাবেন।

জার্মানি বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে, যা আবেদনপ্রক্রিয়া দ্রুত এবং সময়সাশ্রয়ী করবে। আগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের আবার আবেদন করতে হবে।

জার্মান দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর পাশাপাশি ভিসা আবেদনপ্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করতে নতুন (কনস্যুলার সার্ভিসেস পোর্টাল) উদ্যোগ নিয়েছে দেশটি।

অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারী শিক্ষার্থীর বায়োমেট্রিকে তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথি যাচাইয়ের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালে আবেদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা।

অপেক্ষমাণ থাকা আবেদনকারীদের জন্য নতুন যে নির্দেশনা

নতুন ডিজিটাল ব্যবস্থা চালু হয়ে গেলে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ যেসব শিক্ষার্থী ইতিমধ্যে আগের ব্যবস্থায় নিবন্ধন করেছেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদনপ্রক্রিয়ার উন্নয়নের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে। আগের ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক অসুবিধা তৈরি করতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদনপ্রক্রিয়া আরও গতিশীল হবে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

যেভাবে আবেদন করবেন

নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনের জন্য শিক্ষার্থীদের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে ঢুকতে হবে।

আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা নতুন পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।