সাত দশকের সংসার। জীবনের প্রায় পুরোটা সময় একে অপরের পাশে থেকেছেন। রাজনীতির উত্থান-পতন, ক্ষমতার শীর্ষে আরোহণ, ক্ষমতা থেকে বিদায়, আবার রাজনীতিতে প্রত্যাবর্তন, সবকিছুর সাক্ষী ছিলেন তাঁরা দুজন। কিন্তু জীবনের ১০১ বছর বয়সে এসে সেই দীর্ঘ পথচলার সঙ্গীকে হারিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর কেমন কাটছে তাঁর দিনগুলো?
গত ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান সিতি হাসমাহ। বয়স হয়েছিল ১০০ বছর। সেদিনই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয় পুত্রজায়ার জাতীয় সমাধিসৌধে। শেষবিদায়ের সময় হুইলচেয়ারে বসা মাহাথিরের চোখে ছিল অশ্রু। জীবনসঙ্গীকে শেষবারের মতো বিদায় জানাচ্ছিলেন তিনি।
মাহাথির ও সিতি হাসমাহর বিয়ে হয়েছিল ১৯৫৬ সালের ৫ আগস্ট। চলতি বছরের আগস্টে তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী পালিত হয়। দীর্ঘ এই দাম্পত্যজীবনে তাঁদের রয়েছে সাত সন্তান।
মেয়ে মারিনা মাহাথির বলেন, মায়ের মৃত্যুতে বাবা খুবই দুঃখ পেয়েছেন। তিনি একাকিত্ব অনুভব করছেন। মারিনার কথায়, বাবার এই শোক কাটিয়ে উঠতে সময় লাগবে।
হাসপাতালেই কাটে শোকের প্রথম দিনগুলো
স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরের নিজের শরীরও ভালো যাচ্ছিল না। ২৯ সেপ্টেম্বর রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন। ছেলে মোখজানি মাহাথির জানান, বাবার হাসপাতালে ভর্তির বিষয়ে উদ্বেগের কিছু নেই। তবে মায়ের মৃত্যু তাঁকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত করে তুলেছিল।
মাহাথিরের প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ জানান, তিনি ক্লান্ত ছিলেন, পর্যাপ্ত বিশ্রামও নিচ্ছিলেন না। শোক, গরম আবহাওয়া ও ঘুমের অভাব, সব মিলিয়ে ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল।
স্ত্রীর মৃত্যুর চার দিন পর, ১ অক্টোবর, হাসপাতাল থেকে সরাসরি সিতির কবরের কাছে যান মাহাথির। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সেখানে পৌঁছান বেলা ১১টার দিকে। প্রায় ২০ মিনিট কবরের পাশে ছিলেন। দোয়া ও মোনাজাত করেন, ফুল ছিটিয়ে দেন। এ সময় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

সেদিন কবরস্থানে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা সিতি হাসমাহর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
মাহাথিরের ছেলে মুখরিজ মাহাথির জনসাধারণ ও সংবাদমাধ্যমের প্রতি তাঁর বাবাকে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ৭০ বছর একসঙ্গে কাটানো জীবনসঙ্গীকে হারানোর পর স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে। বাড়িতে থাকলেও চারপাশের সবকিছু বাবাকে মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। তাই আপাতত হাসপাতালে থাকাই তাঁর জন্য ভালো হতে পারে।
ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা
অক্টোবরের মাঝামাঝি মাহাথিরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৩ অক্টোবর স্ত্রীর স্মরণে পুত্রজায়ার পেরদানা লিডারশিপ ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। মেয়ে মারিনা সাংবাদিকদের বলেন, বাবার অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন, খাওয়ার আগ্রহ ফিরে এসেছে। আগের চেয়ে কিছুটা বেশি সক্রিয়ও হয়েছেন। তবে তখনো তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
সেদিন মাহাথিরের কয়েকটি ছবি প্রকাশিত হয়। একটি ছবিতে তাঁকে নিজের কার্যালয়ে বসে কাগজপত্র দেখতে দেখা যায়। স্ত্রীর মৃত্যুর পর জনসমক্ষে এটিই ছিল তাঁর ফিরে আসার উল্লেখযোগ্য মুহূর্তগুলোর একটি।
তবে স্বাভাবিক কর্মজীবনে ফেরার পথটি সহজ ছিল না। ১৯ অক্টোবর এক বিবৃতিতে মাহাথির জানান, আগের কয়েক দিন তিনি কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শরীরে আগের মতো শক্তি ফিরে পাননি।
বিবৃতিতে মাহাথির লেখেন, এত বেদনাদায়ক শোকের মধ্যেও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। জীবনের এত দীর্ঘ সময় সিতি হাসমাহকে তাঁর সঙ্গে থাকার সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর বয়স এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যখন জীবনের বাকি সময় খুব বেশি নেই।
এক মাস পরও কবরের পাশে ভিড়
সিতি হাসমাহর মৃত্যুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু তাঁকে ঘিরে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কমেনি। ৪ নভেম্বর মাহাথির আবারও এ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহাতির বলেন, সিতি হাসমাহর মৃত্যুর এক মাসের বেশি সময় পরও অনেক মানুষ তাঁর কবর জিয়ারত করতে যাচ্ছেন। তাঁদের উপস্থিতি ও নিয়মিত দোয়া করায় তিনি গভীরভাবে আপ্লুত। তবে শারীরিক সীমাবদ্ধতার কারণে নিজে ঘন ঘন স্ত্রীর কবরের কাছে যেতে পারছেন না। যাঁরা সেখানে আসছেন, তাঁদের সঙ্গেও দেখা করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন।
এ ছাড়া মাহাথিরের কাছে অনেক চিঠি ও শোকবার্তা এসেছে। সব কটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

সাত দশকের সঙ্গী
মাহাথির ও সিতি হাসমাহর পরিচয় হয়েছিল ১৯৪৭ সালে চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থী হিসেবে। তখন সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম মেডিক্যাল কলেজে পড়তেন তাঁরা। সিতি হাসমাহ ছিলেন তাঁদের ব্যাচের একমাত্র মালয় নারী শিক্ষার্থী।
মাহাথির এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিতি হাসমাহর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ খুঁজতেন তিনি। মেডিক্যাল কলেজে সিতি একটি বিষয়ে খারাপ ফল করার পর মাহাথির তাঁকে পড়াতে শুরু করেন। মাহাথির ছিলেন ভালো ছাত্র, আর তাঁর কাছে পড়ার জন্য কোনো অর্থ নিতেন না।
সিতি হাসমাহও পরে স্মৃতিচারণায় বিষয়টি স্বীকার করেন। মজা করে বলেছিলেন, মাহাথিরের বিনা পয়সার টিউশন তিনি গ্রহণ করেছিলেন।
১৯৪৯ সালে একদিন সিনেমা দেখে ফেরার পথে মাহাথির সিতি হাসমাহকে বলেছিলেন, তাঁর কিছু কথা আছে। এরপর একে একে বানান করে বলেছিলেন, ‘I love you’।
সিতি হাসমাহর কাছে এটিই ছিল মাহাথিরের সবচেয়ে স্মরণীয় রোমান্টিক মুহূর্ত।
সিতি হাসমাহর বাবা মোহাম্মদ আলী তাইব চেয়েছিলেন, মেয়ে আগে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হোক। তাই তাঁদের বিয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল।
১৯৫৬ সালে বিয়ের পর শুরু হয় তাঁদের সংসারজীবন। তখন তাঁদের দুজনেরই বয়স ২৯ বছর। বিয়ের পর সিতি হাসমাহ স্বামীর সঙ্গে আলোর সেতারে (মাহাথিরের জন্মস্থান) চলে যান। সেখানে জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। মাহাথিরও তখন সরকারি চিকিৎসক ছিলেন। পরে তিনি নিজস্ব ক্লিনিক প্রতিষ্ঠা করেন।
একজন চিকিৎসক হিসেবে মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সিতি হাসমাহর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
২০১৬ সালে মেয়ে মারিনা মাহাথির মা–বাবার ৬০ বছরের দাম্পত্যজীবন নিয়ে কথা বলেন। তাঁর মতে, দীর্ঘদিনের প্রেমের কারণে বিয়ের আগেই তাঁরা একে অপরকে ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তাঁদের সম্পর্কের ভিত ছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার।
মাহাথিরের একটি মজার অভ্যাসের কথাও জানা যায়। তিনি সময় মেনে চলতে খুব পছন্দ করতেন। কিন্তু সিতি হাসমাহ কোনো অনুষ্ঠানে তৈরি হতে একটু বেশি সময় নিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যে মনোমালিন্য হতো। পরে মাহাথির বুঝেছিলেন, একে অপরকে বদলানোর চেয়ে মেনে নেওয়াই ভালো।
ছেলেমেয়েরা কে কোথায়
মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর মোট সাত সন্তান। তাঁদের চারজন নিজেদের সন্তান, আর তিনজন দত্তক নেওয়া। সন্তানদের মধ্যে কয়েকজন মালয়েশিয়ার রাজনীতি, ব্যবসা ও সাংবাদিকতায় পরিচিতি পেয়েছেন।
এর মধ্যে মারিনা মাহাথির জ্যেষ্ঠ সন্তান। সাংবাদিক, লেখক ও সমাজকর্মী। নারী অধিকার, মানবাধিকার ও সামাজিক বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। মালয়েশিয়াতেই থাকেন। ঢাকায় বাংলা একাডেমিতে সাহিত্য উৎসবে এসেছিলেন।
এরপরে রয়েছেন মিরজান মাহাথির। মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে সাম্প্রতিক প্রকাশ্য তথ্য তুলনামূলক কম।

মেলিন্ডা মাহাথির দত্তক নেওয়া সন্তান। ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন। তাঁর পেশা ও বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য সাম্প্রতিক তথ্য সীমিত।
মোখজানি মাহাথির ব্যবসায়ী ও মালয়েশিয়ার পরিচিত ধনাঢ্য ব্যক্তিদের একজন। মায়ের মৃত্যুর খবর তিনিই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। বাবার দেখাশোনার বিষয়েও পরিবারের পক্ষ থেকে কথা বলেছেন।
মুখরিজ মাহাথির রাজনীতিবিদ। কেদাহ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য। মায়ের মৃত্যুর আগে বাবার হাসপাতালে অবস্থান ও মায়ের চিকিৎসার বিষয়ে সংবাদমাধ্যমকে তথ্য দিয়েছিলেন।
মাইজুরা মাহাথির দত্তক নেওয়া সন্তান। তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে প্রকাশ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না।
মাজহার মাহাথির দত্তক নেওয়া সন্তান। তিনিও জনপরিসরে তুলনামূলক কম সক্রিয়। তাঁর বর্তমান পেশা ও অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সীমিত।
স্ত্রীকে ছাড়াই কাটবে বাকি জীবন
মাহাথির যখন মালয়েশিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করছেন, তখন সিতি হাসমাহ ছিলেন তাঁর পাশে। প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় দুই দশকের বেশি সময় দেশ পরিচালনা করেছেন মাহাথির। ক্ষমতার বাইরে থেকেছেন, আবার ২০১৮ সালে ৯২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় ফিরেছেন। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় স্ত্রীকে পাশে পেয়েছেন।
তাঁদের সম্পর্কের ব্যক্তিগত দিকও মালয়েশিয়ার মানুষের কাছে পরিচিত ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের হাসি-ঠাট্টা, পরস্পরকে খুনসুটি করে কথা বলা কিংবা একসঙ্গে উপস্থিত হওয়ার দৃশ্য সংবাদমাধ্যমে এসেছে।
মেয়ে মারিনার কথায় সেই সম্পর্কের গভীরতা বোঝা যায়। মায়ের মৃত্যুর পরও তাঁর সঙ্গে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার অভ্যাস মনে পড়ে মারিনার। কখনো কোনো পরামর্শ নেওয়া, কখনো কোনো ঘটনা জানানো, কখনো শুধু একটি বার্তা পাঠানোর ইচ্ছা জাগত। কিন্তু এখন আর তা তো সম্ভব নয়। মারিনা বলেন, এই উপলব্ধিই তাঁর জন্য সবচেয়ে কঠিন।
মাহাথিরের জীবনেও হয়তো এমন অনেক অভ্যাসের জায়গা এখন শূন্য। তবে তাঁর ব্যক্তিগত দিনযাপনের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তিনি এখন কীভাবে সময় কাটান, প্রতিদিন কারা তাঁর সঙ্গে থাকেন, কতটা কাজ করছেন, এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সাউথ চায়না মর্নিং পোস্টের ২৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্যরা পালা করে মাহাথিরের সঙ্গে সময় কাটাচ্ছেন, যাতে তিনি একা না থাকেন।
একসময় যাঁর জীবনের প্রতিটি বড় অধ্যায়ের সঙ্গী ছিলেন সিতি হাসমাহ, এখন সেই মানুষটিকে ছাড়াই বাকি দিনগুলো কাটাতে হচ্ছে মাহাথিরকে।
তথ্যসূত্র: রয়টার্স, চ্যানেল নিউজ এশিয়া, দ্য স্টার, সাউথ চায়না মর্নিং পোস্ট ও বারনামা।





