অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই নারীর ছেলে ও নাতিকে আটক করেছে ইসরায়েলিরা।
প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ওই এলাকায় সম্প্রতি ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়ি দখল করে নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা।
ওই নারীর মৃত্যুর বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এলাকাটিতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা জানিয়েছে। তাদের দাবি, শুরুতে একজন ফিলিস্তিনি গাড়ি নিয়ে হামলা চালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি ওই নারীর বাড়ির বাইরে একদল অবৈধ বসতি স্থাপনকারী গুলি চালাতে শুরু করে। এ সময় নিজেদের রক্ষায় ফিলিস্তিনি বাসিন্দারা পাল্টা পাথর ছুড়তে থাকেন। পরে আরও অবৈধ বসতি স্থাপনকারী সেখানে এসে ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
নিহত ওই নারীর বাড়ি ইসরায়েলিদের গুলির লক্ষ্যবস্তু ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর মাথায় গুলি লাগে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত নারীর নাম ফাধা ওয়াদহা।
নিহত নারীর ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী আহমেদ আরেফ বলেন, ‘আমি তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখি। মাথা থেকে রক্ত ঝরছিল। দেখুন, রাস্তায় তাঁর রক্ত পড়ে আছে।’

১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়। এর পর থেকে প্রায়ই সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের ওপর হতাহতের ঘটনা ঘটছে। সম্প্রতি এসব হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে। তবে এ অবস্থানের সঙ্গে দ্বিমত রয়েছে ইসরায়েলের।
ফাধা ওয়াদহার ছেলে আরাফাত মায়ের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান। তাঁর স্ত্রী নামা ফিদহাত বলেন, আরাফাত তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ অবস্থায় তিনি ভুল করে বাড়ির উঠানে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় গাড়িতে কেউ ছিলেন না। এরপর বসতি স্থাপনকারীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে আরাফাতসহ বেশ কয়েকজন আহত হন।
ফিদহাত বলেন, আরাফাতকে রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে আটক করে নিয়ে গেছেন। ভোরের দিকে তাঁদের ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে।
‘আমরা কী করেছি? আমরা তো কিছুই করিনি’—প্রশ্ন রাখেন ফিদহাত।
ফিদহাত বলেন, ‘এটা আমাদের বাড়ি। ওরা অস্ত্র নিয়ে এসেছে...আমরা নিরস্ত্র ছিলাম, ঘুমিয়ে ছিলাম।’
শাশুড়ির জানাজায় কান্নায় ভেঙে পড়েন ফিদহাত। তিনি জানান, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এলাকায় আসার পর থেকে তাঁদের ওপর নিয়মিত হামলা হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান। সেখানে মাটিতে অন্তত পাঁচটি গুলির খোসা পড়ে থাকতে দেখেন তাঁরা। মুখোশ পরা বসতি স্থাপনকারীদের এলাকাটি দিয়ে গাড়ি চালিয়ে যেতেও দেখা যায়।
জেরিকো শহর জর্ডান উপত্যকায় অবস্থিত। অসলো শান্তিচুক্তির আওতায় অঞ্চলটিকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কৃষিসমৃদ্ধ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল।
সপ্তাহ দুয়েক আগে জেরিকোর উপকণ্ঠে দিউক আল–তাহতাহ এলাকায় কয়েকটি বাড়িতে বসতি স্থাপনকারীরা ওঠে। এতে স্থানীয় কিছু ফিলিস্তিনি বাসিন্দা তাঁদের বাড়িতে প্রবেশে বাধার মুখে পড়েন। শহরে বসতি স্থাপনকারীদের হামলার আশঙ্কাও বেড়ে যায়।
এ এলাকায় অবৈধ বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী এবং তাদের কয়েকটি পরিবারকে জেরিকোয় বাড়িতে ওঠার ব্যবস্থা করে দেওয়া বেনিয়ামিন কাউন্সিল জানায়, ফিলিস্তিনিদের কাছ থেকে আটটি বাড়ি কিনে নিয়েছে বসতি স্থাপনকারীরা।
তবে জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল বলেন, জমিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন। তাই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আইনগতভাবে এসব জমি কিনতে পারে না।
এ বক্তব্যের সমর্থনে হুসেইন হামায়েল রয়টার্সকে জমির একটি নথিও দেখান।
মঙ্গলবার রাতের ঘটনা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, একদল ফিলিস্তিনি গাড়ি নিয়ে একটি ইসরায়েলি গাড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়ে ধাক্কা দেয়।
তাদের দাবি, ফিলিস্তিনিরা গাড়ি থেকে নেমে শুরুতে ইসরায়েলিদের ওপর হামলা করেন। তখন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনি—উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।





