অমৃতের নতুন সাজে রয়েছে ভারতীয় নকশার ছোঁয়া। উষ্ণ ও আরামদায়ক পরিবেশে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে খাবার ঘর। শুধু অন্দরসজ্জায় নয়, খাবার পরিবেশনেও আনা হয়েছে নতুনত্ব।

ভারতীয় খাবারের স্বাদ ও আতিথেয়তায় নতুন অভিজ্ঞতা দিতে নতুন সাজে ফিরছে হোটেল সারিনা ঢাকার ভারতীয় রেস্তোরাঁ অমৃত। নতুন ইন্টেরিয়র, সমৃদ্ধ মেনু ও ভিন্নধর্মী পরিবেশনশৈলী নিয়ে আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে পুনরায় যাত্রা শুরু করবে রেস্তোরাঁটি। এ উপলক্ষে সন্ধ্যা ৬টায় আয়োজন করা হবে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। বনানীর হোটেল সারিনা ঢাকার দ্বিতীয় তলায় অবস্থিত অমৃতের নতুন আয়োজন ঘিরে থাকছে ভারতীয় খাবারের নানা স্বাদের সমাহার।

অমৃতের নতুন সাজে রয়েছে ভারতীয় নকশার ছোঁয়া। উষ্ণ ও আরামদায়ক পরিবেশে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে খাবার ঘর। শুধু অন্দরসজ্জায় নয়, খাবার পরিবেশনেও আনা হয়েছে নতুনত্ব। কোন পদ কীভাবে তৈরি, কোন খাবারের সঙ্গে কোন ধরনের রুটি, ভাত কিংবা অনুষঙ্গ মানানসই—এসব বিষয়ে অতিথিদের পরামর্শ দেবে রেস্তোরাঁর পরিবেশন দল। ফলে খাবার বেছে নেওয়া থেকে পরিবেশন পর্যন্ত পুরো অভিজ্ঞতাতেই থাকছে বাড়তি যত্ন।

নতুন মেনুতে ভারতের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় রান্না স্থান পেয়েছে। মাংসপ্রেমীদের জন্য থাকছে ধীরে রান্না করা মাটন রোগান জোশ, সুগন্ধি হায়দরাবাদি চিকেন বিরিয়ানি, গোয়ান ফিশ কারি ও আস্ত তন্দুরি পমফ্রেট। এ ছাড়া মেনুতে রয়েছে বাটার চিকেন, চিকেন টিক্কা মসলা ও মাটন শিক কাবাবের মতো পরিচিত পদ।

ভেজিটেরিয়ান খাবারের তালিকায় থাকছে পনির টিক্কা, পালং পনির ও ডাল মাখানি। মূল খাবারের সঙ্গে বেছে নেওয়া যাবে জিরা পোলাও কিংবা বিভিন্ন ধরনের ভারতীয় রুটি। খাবারের পর মিষ্টিমুখের জন্য থাকছে ক্ষীর, গোলাপ জামুন ও গাজরের হালুয়া। আর পানীয়ের তালিকায় রয়েছে লাচ্ছি ও মসলা চা।

হোটেল সারিনা ঢাকার আতিথেয়তা ও আন্তরিক সেবার ধারাবাহিকতায় অমৃতের এই নতুন আয়োজন। বনানীর কেন্দ্রস্থলে অবস্থিত হোটেলটি ব্যবসায়িক অতিথি, পরিবার, বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের কাছে পরিচিত একটি ঠিকানা। নতুন সাজ ও মেনু নিয়ে অমৃতের প্রত্যাবর্তন ভারতীয় খাবারপ্রেমীদের জন্য যোগ করবে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।