রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। ঘরের সবাই ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ বাইরে কোনো শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল কারও। কী ঘটছে, তা জানতে জানালার দিকে তাকালেন। খবর দেখলেন, পরিচিতদের ফোন করলেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও আর ঘুম এল না। বারবার মনে হতে লাগল, আবার কিছু ঘটবে না তো!

এমন অভিজ্ঞতা যুদ্ধ, সংঘর্ষ কিংবা সহিংসতার আশঙ্কাপূর্ণ পরিবেশে বসবাস করা মানুষের জন্য অস্বাভাবিক নয়। সরাসরি কোনো সহিংস ঘটনার শিকার না হলেও আশপাশের পরিস্থিতি, নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তা মানুষের ঘুম কেড়ে নিতে পারে। প্রশ্ন হলো, ভয় কীভাবে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়?

বিপদের আশঙ্কায় ঘুমাতে পারে না মস্তিষ্ক

মানুষের মস্তিষ্ক সব সময় আশপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে। কোথাও বিপদের আশঙ্কা তৈরি হলে মস্তিষ্ক শরীরকে সতর্ক করে দেয়। এর সঙ্গে সক্রিয় হয় শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। শুরু হয় পরিচিত ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া। অর্থাৎ, সম্ভাব্য বিপদ মোকাবিলা করা অথবা সেখান থেকে পালানোর জন্য প্রস্তুত হতে থাকে শরীর।

এ সময় হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যেতে পারে। পেশি শক্ত হয়ে আসে এবং শরীরের সতর্কতা বাড়ে। বিপদের মুহূর্তে এই প্রতিক্রিয়া বেশ উপকারী। কিন্তু সমস্যা হয় যখন বিপদের আশঙ্কা দীর্ঘ সময় ধরে থাকে। তখন শরীর সহজে স্বাভাবিক, শান্ত অবস্থায় ফিরতে পারে না। এতে ঘুম আসতে দেরি হয়। মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায় কিংবা অল্প শব্দেও চমকে ওঠেন অনেকে। বিজ্ঞানের ভাষায় এই অতিরিক্ত সতর্ক অবস্থাকে বলা হয় হাইপারঅ্যারাউজাল।

যুদ্ধের সময়ের ঘুম নিয়ে গবেষণা

যুদ্ধের কারণে সাধারণ মানুষের ঘুম কতটা ব্যাহত হয়, তা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি গবেষণা হয়েছে। ২০২৬ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার কথা বলি। গবেষকেরা যুদ্ধ চলাকালে ১ হাজার ৩৪০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুম ও মানসিক অবস্থার তথ্য বিশ্লেষণ করেন। তাঁদের মধ্যে একদল রাতে বিমান হামলার সতর্কসংকেতের মুখোমুখি হয়েছিলেন, অন্যরা হননি।

ফলাফলে দেখা যায়, রাতে সতর্কসংকেতের মুখোমুখি হওয়া ব্যক্তিরা অন্যদের তুলনায় গড়ে ৩৯ মিনিট কম ঘুমিয়েছেন। পাশাপাশি রাতে তাঁদের ৩৪ মিনিট বেশি সময় জেগে থাকতে হয়েছে। শুধু তা-ই নয়, পরদিন তাঁদের উদ্বেগ ও বিষণ্নতার লক্ষণও তুলনামূলক বেশি ছিল। গবেষকেরা দেখেছেন, ঘুমের ব্যাঘাতের সঙ্গে পরদিনের মানসিক অবস্থারও সম্পর্ক রয়েছে।

২০২৫ সালে প্রকাশিত আরেকটি গবেষণাতেও একই ধরনের চিত্র পাওয়া যায়। যুদ্ধের আগে এবং যুদ্ধ চলাকালে সাধারণ মানুষের ঘুমের তুলনা করেন গবেষকেরা। এতে দেখা যায়, যুদ্ধ চলাকালে ১৯-২২ ভাগ মানুষের ছয় ঘণ্টা ঘুম কম হয়। ক্লিনিক্যাল অনিদ্রার হার বেড়েছিল ১৬-১৯ শতাংশ।

আরও লক্ষণীয় বিষয় হলো, যুদ্ধ শুরুর ছয় মাস পরও অনেকের ঘুমের সমস্যা পুরোপুরি কাটেনি। অর্থাৎ, পরিস্থিতির উন্নতি হলেও ঘুমের ওপর মানসিক চাপের প্রভাব কিছু মানুষের মধ্যে দীর্ঘদিন থাকতে পারে।

সরাসরি যুদ্ধের মধ্যে না থেকেও কি ঘুম নষ্ট হতে পারে

ঘুমের সমস্যা তৈরি হওয়ার জন্য সব সময় সরাসরি বিপদের মুখোমুখি হতে হয় না। চারপাশে কী ঘটছে, সেই খবর নিয়মিত দেখা বা শোনাও মানসিক চাপ বাড়াতে পারে।

২০২৪ সালে বিএমসি পাবলিক হেলথ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় পাঁচটি আরব দেশের ২ হাজার ৬৩৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষকেরা দেখতে চেয়েছিলেন, যুদ্ধের খবর ও ভিডিও নিয়মিত দেখার সঙ্গে অনিদ্রার কোনো সম্পর্ক আছে কি না।

গবেষণায় দেখা যায়, যুদ্ধের খবর বেশি দেখার সঙ্গে মানসিক চাপ ও বিষণ্নতার লক্ষণের সম্পর্ক রয়েছে। আবার এই মানসিক চাপ ও বিষণ্নতার সঙ্গে অনিদ্রার সম্পর্ক পাওয়া গেছে। তবে অন্য বিষয়গুলো হিসাবের মধ্যে নেওয়ার পর শুধু সংবাদ দেখার সঙ্গে অনিদ্রার সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। অর্থাৎ, খবর দেখাটাই সরাসরি ঘুম নষ্ট করছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। বরং খবরের কারণে তৈরি হওয়া মানসিক চাপ ঘুমের সমস্যার একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী কারণ হতে পারে।

ইউক্রেনের বেসামরিক মানুষের ওপর ২০২৪ সালের আরেকটি গবেষণায় ৯৯১ জনের তথ্য বিশ্লেষণ করা হয়। সেখানে গবেষকেরা দেখেছেন, যুদ্ধের কারণে নিজের নিরাপত্তা নিয়ে মানুষের মনে তৈরি হওয়া আশঙ্কার সঙ্গে ঘুমের সমস্যার সম্পর্ক রয়েছে। অর্থাৎ, বাস্তবে কতটা বিপদের কাছাকাছি থাকা হচ্ছে, তার পাশাপাশি নিজেকে কতটা অনিরাপদ মনে হচ্ছে, সেটিও ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে।

ঘুম ফিরে পেতে প্রয়োজন নিরাপত্তাবোধ

ঘুমের সমস্যা মানেই অবশ্য অনিদ্রার রোগ নয়। কোনো ভয়ংকর ঘটনার পর কয়েক রাত ঘুমের ব্যাঘাত হওয়া মানুষের স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়ার অংশ হতে পারে। অনেকেই সময়ের সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তবে দীর্ঘদিন নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ চলতে থাকলে ঘুমের সমস্যাও দীর্ঘস্থায়ী হতে পারে।

এ পরিস্থিতিতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত ঘুমের সময় বজায় রাখা, ঘুমানোর আগে বারবার উদ্বেগজনক খবর দেখা থেকে বিরত থাকা এবং কাছের মানুষের সঙ্গে মনের কথা ভাগ করে নিলে বিপদের আশঙ্কা কমতে পারে। সমস্যা দীর্ঘদিন চললে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

আসলে ঘুম শুধু ক্লান্তি দূর করার উপায় নয়। সুস্থভাবে বেঁচে থাকার জন্য এটি মানুষের মৌলিক প্রয়োজন। তাই একটি সমাজে শান্তি ও নিরাপত্তার গুরুত্ব শুধু মানুষের জীবন রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের নির্বিঘ্ন ঘুমের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।

লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তা

সূত্র: ন্যাশনাল লাইব্রেরি অব হেলথ ও স্প্রিঙ্গার ডটকম