২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেকেন্ড ইয়ারে পড়ি তখন। বিভাগ থেকে সে বছর সদরঘাট-চাঁদপুর রিভার ক্রুজের আয়োজন করা হয়। জানুয়ারি মাসের শীত তখন। বিভাগের শিক্ষক, সিনিয়র, জুনিয়র, ফ্রেন্ডসরা মিলে কী দারুণ এক সময় কেটেছিল। ভেবেছিলাম, এমন সময় হয়তো আর আসবে না। কিন্তু না! সময় ঠিকই আসে; তবে একটু ভিন্ন রূপে। ১৩ নভেম্বর প্রথম আলো বন্ধুসভার ২৮ বছর পূর্তিতে হলো এমনই এক দুর্দান্ত আয়োজন ‘এসো মিলি জলধারায় ২.০’।

কিন্তু বন্ধুসভার প্রোগ্রামে আমি কেন? এ রকম মনে হচ্ছে না? একটু গল্প বলি।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক আমার সাবেক সহকর্মী। সময় টেলিভিশনে যখন নিউজ পড়েছি, তখন ভাইয়াদের কাছ থেকে শিখেই নিউজ প্রেজেন্টেশনে ক্যারিয়ার শুরু। বন্ধুসভার ২৮ বছর পূর্তিতে এ রকম একটা আয়োজন হবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। তখন জাফর সাদিক ভাইয়াকে জানাই, আমি অংশগ্রহণ করতে চাই। তারপর রেজিস্ট্রেশন এবং অংশগ্রহণ। তখন থেকে একটু একটু করে অভি ভাইয়া, সায়মন ভাইয়া, মেঘা, সম্রাট তাঁদের সঙ্গে আয়োজনের ম্যানেজমেন্টগুলোতে যুক্ত হতে থাকি। এভাবেই ভালো লাগা শুরু বন্ধুসভার প্রতি।

সংবাদ উপস্থাপনা বিষয়ে কথা বলার সময়

এরপর এল বহুল প্রত্যাশিত ১৩ নভেম্বর। সকাল ৭টা। সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিআইপি গেটে সারা দেশের ৮৬টি বন্ধুসভার বন্ধুরা আসতে শুরু করল। হইহই রইরই ব্যাপার! ছাড়ল জাহাজ!
এত এত নতুন মুখ দেখে আমার শুধু সেই বিশ্ববিদ্যালয়জীবনের কথা মনে পড়ছিল। ‘সময় চলে যায়’—কেবল এই অভিব্যক্তিতে নিজেকে সামাল দিলাম।

কথা হলো বন্ধুসভার অনেক নতুন নতুন বন্ধুর সঙ্গে। সবারই অনেক বড় হওয়ার স্বপ্ন! কেউ কেউ হতে চায় সংবাদ উপস্থাপকও। লাইট-ক্যামেরা-আর অটিকিউ ভালো লাগে, এমন বেশ কিছু বন্ধু আমার কাছ থেকে পরামর্শ নিল। এমন সময়ই জাফর সাদিক ভাইয়া আমাকে স্টেজে গিয়ে তরুণ বন্ধুদের সংবাদ উপস্থাপনার বিষয়ে দিকনির্দেশনা দিতে বললেন। একটু ইতস্ততবোধ করতে থাকি, আর মনে মনে ভাবছিলাম, ভাইয়াদের কাছে আমার সংবাদ উপস্থাপনা শেখা আর সেখানে আমি কী বলব! তারপরও স্টেজে গিয়ে সংবাদ উপস্থাপনার বেসিক কিছু ব্যাপারে একটা ধারণা দিলাম।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিকের সঙ্গে

এরপর বন্ধুসভার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান, অতিথিদের বক্তব্য শেষ হলো। কিন্তু চমক তো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে! সারা দেশের বন্ধুদের অংশগ্রহণে নাচ-গান আর অভিনয় পুরো অনুষ্ঠানকে করে তুলেছিল মন্ত্রমুগ্ধের মতো! এরই মধ্যে জাহাজ আবার ঘুরতে শুরু করল সদরঘাটের দিকে। পশ্চিম আকাশের সূর্য তখন লাল আভা ছড়াচ্ছে। আর মেঘনার পানির টলমল শব্দ। সূর্য-পানির মিতালি আর বন্ধুদের নাচে-গানে পুরো জাহাজ চলছে গন্তব্যে!

জলের দিকে তাকিয়ে তখন ভাবছি, ব্যস্ত জীবনের ভিড়ে কিছু সময় আসলে আমাদের জীবনে স্পৃহা দেয়। বন্ধুসভার একঝাঁক নতুন বন্ধু মিলে সে উদ্দীপনা নিয়েই হোক সামনের পথচলা!

সংবাদকর্মী, ইনডিপেনডেন্ট টেলিভিশন