ঢাকার আদালত প্রাঙ্গণে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাসের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গতকাল সন্ধ্যায় আদালতে হাজির করার আগে আইনজীবী সোহাগের ওপর হামলা করেন বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা। দুপুর থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে সাঈদ খোকন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া বিএনপির নেতা–কর্মীরা এই আইনজীবীকে ব্যাপক মারধর করেন। হামলার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। তখনো তাঁর ওপর হামলা চালাতে দেখা যায় কয়েকজনকে।

আইনজীবী সোহাগকে ৯ নভেম্বর আদালত এলাকায় ককেটল বিস্ফোরণে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই অনুপম দাস।

আদালতে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন গতকাল আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, গতকাল একই আদালতে বাবুল আক্তার নামের এক আসামির জামিন শুনানি করেছিলেন তাঁরা। পরে সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে বহিরাগতরা মব সৃষ্টি করে। ওই ঘটনায় তিনিও হেনস্তার শিকার হয়েছেন।

এ সময় নিজেও আইনজীবী হওয়ায় আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন সোহাগ। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, গতকাল সাবেক মেয়র সাঈদ খোকনের মামলায় শুনানি থাকায় ৩৩ নম্বর আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে নেওয়া হয়। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে মারধর করা হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। একসময় নিজেকে একটি ভ্যানের ওপর আবিষ্কার করেন। তাঁকে দেখে অনেকে লাশ মনে করেছিলেন বলেও দাবি করেন তিনি।

এ সময় নিজেও আইনজীবী হওয়ায় আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন সোহাগ। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, গতকাল সাবেক মেয়র সাঈদ খোকনের মামলায় শুনানি থাকায় ৩৩ নম্বর আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে নেওয়া হয়। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে মারধর করা হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। একসময় নিজেকে একটি ভ্যানের ওপর আবিষ্কার করেন। তাঁকে দেখে অনেকে লাশ মনে করেছিলেন বলেও দাবি করেন তিনি।

আইনজীবী সোহাগ বলেন, ‘আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।’

৯ নভেম্বর সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলেও ওই ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন এই আইনজীবী। নিজেকে নির্দোষ দাবি করে জামিন চান তিনি। আদালতকে তিনি বলেন, ‘আমি একজন আইনজীবী, আমি কেন বোমাবাজি করব? আদালত এলাকায় বোমা নিক্ষেপের বিষয়ে আমি কিছু জানি না। আমি জামিন পাওয়ার হকদার।’

এ সময় তাঁর জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন আদালতে বলেন, ‘তিনি দিনে ফ্যাসিস্টের পক্ষে উকালতি করেন, আর রাত হলে বোমাবাজি করেন, গাড়িতে আগুন দেন, ভাঙচুর করেন। তাঁদের নির্দেশেই বোমা নিক্ষেপ করা হয়েছে। আসামি সোহাগ এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে।’ এ সময় তিনি আসামিদের জামিন নামঞ্জুরের আবেদন জানান।

উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সিএমএম আদালতের সামনে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায় হওয়ায় সাধারণ বিবেচনায় জামিন দেওয়া যায় না। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে। এরপর আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই মামলায় এদিন অপর দুই আসামিকেও কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯)।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ওই বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে দায়িত্ব পালনরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে পরদিন সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন।

এই মামলায় সোহাগসহ তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, তাঁরা এই মামলার সন্দেহভাজন আসামি। গতকাল রাতে সূত্রাপুরের সরকারি কবি নজরুল কলেজের সামনে উত্তেজিত জনতার কাছ থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। আটকের আগে জনতার মারধরে সোহাগ আহত হন। পরে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।