বাংলাদেশে গ্রাম ও শহর, নারী ও পুরুষ, কৃষি বা অটোর পারস্পরিক সম্পূরক অর্থনীতি আছে। লোকসানি কৃষিতে খাদ্য উৎপাদন কীভাবে অব্যাহত থাকে, কাদের পাঠানো টাকায় কৃষিতে নতুন করে বিনিয়োগ হয়—এসব নিয়ে আমাদের বোঝাপড়া খুবই কম। লিখেছেন মাহা মির্জা
অর্থনীতিবিদেরা সারা জীবন বললেন, কৃষিতে জিডিপি কম, কৃষি থেকে লোক সরাও, গার্মেন্টসে লোক ঢোকাও। এর মধ্যে শত শত কলকারখানা বন্ধ হয়েছে, ছাঁটাই হওয়া শ্রমিক দলে দলে অটো কিনেছে (বছরে ৪০ লাখ লিড-অ্যাসিড ব্যাটারি উৎপাদন করা দেশীয় ব্যাটারি কোম্পানিগুলো ১০ হাজার কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে। দলে দলে তরুণ প্রকৌশলীদের চাকরিও হচ্ছে)। অথচ এখন শুনি, অবিশ্বাস্য মুনাফা করা ব্যাটারি কোম্পানি নয়, বরং ‘এন্ড ইউজার’ অটোওয়ালাই নাকি কৃষি ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী! সবগুলারে কানে ধরে কৃষিতে ফেরত পাঠাও।
বাম্পার ফলন, কৃষকের লস, অটোওয়ালার দোষ
গত চার বছরে ঢাকায় মাইগ্রেশন বেড়েছে, অটোওয়ালা বেড়েছে, কিন্তু খাদ্য উৎপাদন কি কমেছে? বরং চার দশকে জনসংখ্যার অনুপাতে ধানের গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবজির ফলন এক দশকে বেড়েছে এক কোটি টন!
কৃষির মূল সমস্যা কি ফলন কমা? নাকি বাম্পার ফলনের পরও কৃষকের লোকসান? বিগত কয়েক বছরের হেডলাইনগুলো দেখুন: ‘আমনের বাম্পার ফলন, দিশাহারা কৃষক’; ‘সবজির বাম্পার ফলন, হতাশায় কৃষক’; ‘ফুলকপির বাম্পার ফলনে বিপাকে কৃষক’; ‘ন্যায্যমূল্য নেই, আউশ নিয়ে বিপাকে কৃষক’; ‘১২ বছরে ৭ বারই লস: আলু নিয়ে বিপাকে কৃষক’। অর্থাৎ বাম্পার ফলন হচ্ছেই, কিন্তু উৎপাদন করে ঠকছে কৃষক নিজেই।
এবার আউশ, আমন ও বোরোর ফলন ভালো, অথচ প্রতি বিঘায় লোকসান পাঁচ হাজার টাকা। আলুর উৎপাদন খরচ ১৭ টাকা, মাঠে বিক্রি হচ্ছে ৭ টাকায়। পাঁচ বছরে কৃষকের উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ শতাংশ। ধানের বীজ, সবজির বীজ, টিএসপি, কীটনাশক, ডিজেল, সেচ—সবকিছুর খরচ বেড়েছে। গ্রামে ফেরত যেতে বলা সিটি করপোরেশন অথবা কৃষি ধ্বংসের উসিলা তুলে ‘অটো–ঘৃণা’ ছড়ানো মেয়র প্রার্থীরা কৃষকের লাগাতার লোকসান নিয়ে একটুও শব্দ করেন?
উপমহাদেশের শত বছরের মৌসুমি লেবার–সংকট অটোওয়ালার তৈরি?
ফসল কাটার মৌসুমে খেতমজুরের সংকট হবেই। বাংলাদেশের ২০ থেকে ২৫ জেলায় খেতমজুর–সংকট চির চলমান। শহুরে মধ্যবিত্ত কি অনুধাবন করতে পারে, বোরো কাটার মৌসুম যে কি সুবিশাল এক মহাযজ্ঞ?
এপ্রিলের শেষে সাত জেলার ধান একসঙ্গে পাকে। এক মাসের মধ্যে অর্ধকোটি টন ধান কাটার আয়োজন করতে হয়! শুধু হাওরেই প্রতিদিন খেতমজুর লাগে চার লাখ। দৈনিক ৬০ হাজার শ্রমিকের ঘাটতি থাকে। অটো আবিষ্কারের বহু আগে থেকেই উত্তরবঙ্গের মজুর ট্রাকে-বাসে-নৌকায় চেপে হাওরের ধান কেটে দিয়ে গেছেন।
এক রিপোর্টে পড়েছিলাম, দূরপাল্লার নাইটকোচে টাঙ্গাইল যাচ্ছেন পঞ্চগড়ের ধান কাটা শ্রমিকের দল; কাস্তে, রশি, কাপড়ের ব্যাগ আর ধান বহনের বাহুঙ্গা ঘাড়ে করে। লকডাউনের সময়ে ধান কাটা নিশ্চিত করতে সরকারি প্রহরায় পঞ্চগড়, কুড়িগ্রাম থেকে ট্রাকে করে অগণিত শ্রমিক পরিবহন করা হয়েছিল।
► গ্রামে ফেরত যেতে বলা সিটি করপোরেশন অথবা কৃষি ধ্বংসের উসিলা তুলে ‘অটো–ঘৃণা’ ছড়ানো মেয়র প্রার্থীরা কৃষকের লাগাতার লোকসান নিয়ে একটুও শব্দ করেন? ► ঢাকার কথিত ‘অলস’ অটোচালকটি কি গ্রামের খেতখামার থেকে বিযুক্ত? নাকি ‘মরা’ কার্তিকে রাজধানীতে অটো চালাতে আসা লোকটির পরিবারের নারীরাই গ্রামে চাষ করছেন?
ধান কাটার মৌসুমে ভালো মজুরি পাওয়া যায়। মাস দেড়েক কামলা খেটে কিছু বাড়তি টাকা নিয়ে ঘরে ফেরেন শ্রমিকেরা। অর্থাৎ এই মৌসুমে ভালো কামাই করা লাখ লাখ শ্রমিকেরও একটা সুন্দর গল্প আছে। গেরস্ত কৃষকের উৎপাদন খরচ আকাশচুম্বী, সেই দায় সরকারি সিস্টেমের, খেতমজুরের নয়।
কৃষি ক্যালেন্ডারে মজুরের চাহিদা খণ্ড খণ্ড করে সর্বসাকল্যে চার মাস। সারা বছর কি লাখ লাখ মজুর লাগে? ধান কাটার আগের মৌসুমে কর্মহীন পুরো গ্রাম। বর্ষাকালে রোপণের জন্য লোক লাগে, কিন্তু শ্রাবণ মাসটা গেলেই আবার বেকারত্ব। শীতকালে টানা এক মাস ধান কাটা, ইটভাটা, সবজির জমি প্রস্তুত—সব একই সময়ে শুরু হলে মজুরের টান পড়ে। কিন্তু তার পরের মৌসুমেই আবার হাহাকার। অথচ ‘ঢাকা বাঁচাও’ আন্দোলনকারীরা লাখে লাখে কৃষিশ্রমিককে সারা বছর ধরে ধানখেতে ‘স্ট্যান্ড বাই’ বসিয়ে রাখার সমাধান দিচ্ছে? মাত্র কয়েক মাসের প্রয়োজন মেটাতে কর্মহীন গ্রামে খেতমজুরের দল সারা বছর ধরে ঝিমাবে?
মৌসুমি বেকারত্ব এবং মাইগ্রেশন কৃষিপ্রধান দেশের জটিল কাঠামোগত সংকট। ভারত সরকার ২০০৫ সালে আইন পাস করেছিল—ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। কর্মহীন মৌসুমে বাধ্যতামূলকভাবে গ্রামীণ বেকারকে ন্যূনতম ১০০ দিনের কাজ দিতে বাধ্য থাকবে সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিসহ ভারতের বহু অর্থনীতিবিদ কাজ করেছেন গ্রামীণ বেকারত্ব, মৌসুমি মাইগ্রেশন ও শহুরে শ্রমিকের পাঠানো রেমিট্যান্সের ভূমিকা নিয়ে। আর এদিকে আমাদের নয়া মেয়র প্রার্থী লাখ লাখ মাইগ্রেন্ট শ্রমিককে কানে ধরে লোকসানি কৃষিতে ফেরত পাঠাতে চান? প্রাচীনকালের মতো খেতমজুর দিয়ে একটা একটা করে ধান কাটাতে চান? ২০০ বছর আগে আবিষ্কৃত রিপার, ট্রান্সপ্লান্টার, হার্ভেস্টরের নাম শোনেনি কেউ?
তাঁরা ঢাকাকে বানাবেন কসমোপলিটন, আর গ্রামবাংলার কৃষককে আবহমানকাল ধরে কুঁজা হয়ে একটা একটা করে বীজ বোনাবে? কাছা মেরে কাঁচি হাতে ধান কাটাবে? মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শহরবাসী কর্মক্ষেত্রে এক হাজার ক্যালরিও পোড়ায় না, কিন্তু ধমক দেন হকার-অটোওয়ালা গ্রামে ফিরে চার হাজার ক্যালরি পোড়ানো অমানুষিক পরিশ্রম করে না কেন? শ্রেণিবিদ্বেষের এমন সমস্যাজনক স্বাভাবিকায়ন আর কবে দেখেছি আমরা? সমস্যা কি এখানে খেতমজুর–সংকট? সমস্যা হলো, যান্ত্রিকীকরণের ঘাটতি। একদিকে এআই দিয়ে ‘রেভোল্যুশন’ করে ফেলে, আরেক দিকে দুই শ বছর আগে আবিষ্কৃত কৃষিযন্ত্রের অভাবে রোদের অপেক্ষায়, সূর্যের অপেক্ষায়, ম্যানুয়াল খেতমজুরের অপেক্ষায় হাঁ করে বসে থাকা লাগে!
এশিয়ার ধান উৎপাদনকারী দেশ চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম নগরায়ণ করেছে, শিল্পায়ন করেছে, গ্রাম থেকে লাখো কোটি শ্রমিক এসেছে শহরে (অর্থনীতির ভাষায় ইন্ডাস্ট্রিয়াল/আরবান পুল)। এসব দেশেও কৃষিতে লেবার–সংকট হয়েছে, দ্রুত মজুরি বেড়েছে। ইন্ডাস্ট্রিয়াল ইতিহাসের এই পর্যায়ে পূর্ব এশিয়ার শহরবাসী মাইগ্রেন্ট শ্রমিকবিদ্বেষী প্রচারণা চালিয়েছে কি না আমরা জানি না। তবে বিপুল মাইগ্রেশনের সঙ্গে তাল মেলাতে ‘ম্যানুয়াল’ থেকে ‘মেকানাইজেশন’ তারা ঠিকই করেছে। ক্ষুদ্র কৃষকের সামর্থ্য ও খণ্ডিত জমির বাস্তবতা মাথায় রেখে ব্যক্তিমালিকানানির্ভর যন্ত্রায়ন করেনি, বরং বহু বিচিত্র পদ্ধতিতে যন্ত্র পৌঁছে দিয়েছে কৃষকের কাছে (সরকারি যন্ত্রসেবা সেন্টার, আউটসোর্সিং, ভর্তুকি মূল্যে সরবরাহ, ভাড়ায় সরবরাহ, সমবায়ভিত্তিক কৃষি ইত্যাদি)।
আওয়ামী আমলে তিন হাজার কোটি টাকার কৃষিযন্ত্র বিতরণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ১৭০০ কোটি টাকার মেশিন লোপাট করে দিল পার্টির কর্মীরা! ‘খেতমজুর’ শহরে এসে কৃষি ধ্বংস করে দিল মাতমওয়ালারা ‘কৃষকের ৪০ হাজার মেশিন কই গেল’—এই আলাপ তুলেছেন?
যান্ত্রিকীকরণ গ্রামীণ বেকারত্ব বাড়াবে?
দেশে প্রতিবছর ১২ হাজার কোটি টাকার কৃষিযন্ত্র আমদানি হয়। অল্প কিছু দেশি প্রতিষ্ঠান রিপার, পাওয়ার টিলার, ঝাড়াই বা নিড়াইয়ের যন্ত্র, বা মাড়াই কল তৈরি করে। ব্যবসায়ীরা বহুদিন ধরে বলছেন, কৃষিযন্ত্রের উৎপাদন, মেরামত, খুচরা যন্ত্রাংশ তৈরি, বিক্রি বা বিপণন পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ আছে। এদিকে প্রতিবছর বিপুল খাদ্যশস্য নষ্ট হওয়ার বাস্তবতা মাথায় রাখলে শস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের মাধ্যমে কর্মহীন গ্রামে কাজ তৈরি সম্ভব।
উল্লেখ্য, বিশ্ব খাদ্য সংস্থা বলছে, দেশে প্রতিবছর দেড়-দুই কোটি টন উৎপাদিত খাদ্য নষ্ট হয় (ফল ও সবজির ৪০ শতাংশ, মাছের ৩০ শতাংশ, ধানের ১৭ শতাংশ)। অর্থাৎ কৃষক উৎপাদন করছেন ঠিকই, কিন্তু হিমাগার ও সংরক্ষণব্যবস্থার অভাবে খাদ্যের ২০ শতাংশই নষ্ট হচ্ছে! ‘কৃষি বাঁচাও’ টেনশনকারীদের কোনো টেনশন দেখেন?
বাস্তবে কৃষিতে উদ্বৃত্ত শ্রমিকের ঢল!
২০২২ সালের লেবার ফোর্স জরিপ বলছে, এক দশকে কৃষিতে কর্মরত লোকের সংখ্যা কমেনি, বরং বেড়েছে। আগে জনসংখ্যার ৪০ শতাংশ কৃষিতে ছিল, এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ! সংখ্যায় হিসাব করলে প্রায় ৫০ লাখ মানুষ! বিশ্বব্যাংক বলছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কৃষিতেই সবচেয়ে বেশি অতিরিক্ত মানুষ কাজ করে। কিন্তু এটা কীভাবে সম্ভব? ‘অলস’ ‘গ্রাম্য’ বেটালোকেরা না সব ঢাকায় এসে অটো চালায়? তাহলে কৃষিতে এত লোক গেল কখন? বিবিএস (২০২৩) নিশ্চিত করেছে, দেশে ‘উল্টো’ মাইগ্রেশন বেড়েই চলেছে, শহর ছেড়ে গ্রামে ফেরা শ্রমিকের সংখ্যা বছরে দ্বিগুণ হয়েছে, সীমিত জমিতে অতিরিক্ত শ্রমিক কাজ করছে, উদ্বৃত্ত শ্রমিকের ভারে কৃষির উৎপাদনশীলতা কমছে।
সব মিলিয়ে দেশের শ্রমবাজার জটিল কাঠামোগত সংকটের শিকার। বাড়িভাড়া-মূল্যস্ফীতি বেড়েই চলেছে, ঢাকায় টিকতে না পেরে গ্রামে ফিরছে মানুষ। আবার মাইগ্রেন্ট শ্রমিক চিরতরে গ্রাম ছেড়ে শহরে আসছে না, বরং গ্রামের কৃষি এবং শহরের ইনফরমাল খাত, এই দুইয়ের সমন্বয়ে বহু খণ্ডিত কর্মসংস্থান তৈরি হচ্ছে।
অটো/হকার ঘৃণা বনাম গ্রামে পাঠানো টাকা
ঢাকার কথিত ‘অলস’ অটোচালকটি কি গ্রামের খেতখামার থেকে বিযুক্ত? নাকি ‘মরা’ কার্তিকে রাজধানীতে অটো চালাতে আসা লোকটির পরিবারের নারীরাই গ্রামে চাষ করছেন? কৃষির লোকসান কমাতে, ঋণের চক্র থেকে বাঁচতে গ্রামীণ পরিবারগুলো অন্তত একজন সদস্যকে ঢাকায় পাঠিয়ে পরিবারের আয়কে বহুমুখীকরণ করার চেষ্টা করেন। অর্থাৎ কৃষি, অটো, গার্মেন্টস, হকারি, খামারি নারী—সব জড়ানো। পরিবারের পুরুষটি শহরে এলে নারী কৃষিকাজের হাল ধরছেন। লাখে লাখে মাইগ্রেন্ট শ্রমিক শহরের উপার্জন থেকে গ্রামে টাকা পাঠাচ্ছেন। নারী খরচ করছেন বর্গায়, খামারে, কিস্তিতে।
পুরুষের মাইগ্রেশনের পর কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিও কৃষি ইতিহাসে নতুন কিছু নয়। ভারত, চীন, ভিয়েতনামও এই রূপান্তরের অংশ। এসব দেশে মাইগ্রেশন পর্বের পর কৃষিতে ‘ফেমিনাইজেশন’ হয়েছে, ‘মেকানাইজেশন’ও হয়েছে।
এদিকে পাঁচ কোটি সক্রিয় গ্রাহক নিয়ে পরপর দুবার সর্বোচ্চ করদাতার সম্মান পেয়েছে বিকাশ। এই পাঁচ কোটি মানুষের বৃহত্তম অংশটি কারা? গ্রামে টাকা পাঠায় কারা? কোয়ালিশন ফর দ্য আরবান পুওর এবং বিআইডিএস বিভিন্ন সময়ে দেখিয়েছে, শহুরে শ্রমিকেরা (অটো, হকার, নির্মাণশ্রমিক) ক্রমাগত টাকা পাঠায় গ্রামে। ভঙ্গুর গ্রামীণ অর্থনীতির লাইফলাইনই হলো মাইগ্রেন্ট শ্রমিক। শহুরে ইনফরমাল খাত ও গ্রামের কৃষি একটি আরেকটিকে বাঁচিয়ে রাখে।

মূল সমস্যা আড়াল করার প্রবণতা
আমেরিকায় বিভিন্ন শহরে রাতের বেলা গাড়িতে ঘুমানো আইনত দণ্ডনীয়। শহরে আবর্জনা বাড়ছে, বাড়িওয়ালারা অনিরাপদ বোধ করেন, এসব কারণেই গাড়িতে ঘুমানো নিষিদ্ধ। তবে অ্যাকটিভিস্টরা বলছেন, বড় শহরগুলোতে বাসাভাড়া বাড়ছে, চাকরি করেও মানুষ বাড়িভাড়া দিতে পারছে না। হাউজিং খরচ আকাশচুম্বী, অথচ গাড়িতে ঘুমানো ক্রাইম? সংকটের আসল কারণকে ইচ্ছাকৃতভাবে আড়ালে রেখে, নিম্ন আয়ের মানুষকেই বিপর্যয়ের জন্য দায়ী করার প্রবণতা এখন সর্বত্র।
এদিকে দেশের ১০ মিলিয়ন ‘ক্লাইমেট রিফিউজি’র গল্পগাথা বেচাবিক্রি করেই শতকোটি টাকার জলবায়ু সেমিনার, রাউন্ড টেবিল, ‘ফাইভ স্টার খানাদানা’ চলছেই। ঢাকায় বছরে চার লাখের বেশি মানুষ ঢোকে! এরা যায় কোথায়? অটো আর হকারি ছাড়া শহুরে অর্থনীতিতে লাখো লোকের কর্ম আর কে জোগায়? একদিকে প্রতিটি সরকার ঢাকার ‘ক্লাইমেট উদ্বাস্তু’ দেখিয়ে ডলার আনে, আরেক দিকে মাইগ্রেন্ট শ্রমিকের জীবিকার ওপর বুলডোজার চলে! সিটি করপোরেশনের ভ্যান, স্টল, রিকশা ভাঙচুর দেখলে মনে হয়, বর্তমানে গ্রামে ও শহরে ‘জবের বন্যা’ বয়ে যাচ্ছে।
বাংলাদেশে গ্রাম ও শহর, নারী ও পুরুষ, কৃষি বা অটোর পারস্পরিক সম্পূরক অর্থনীতি আছে। লোকসানি কৃষিতে খাদ্য উৎপাদন কীভাবে অব্যাহত থাকে, কাদের পাঠানো টাকায় কৃষিতে নতুন করে বিনিয়োগ হয়—এসব বোঝাপড়া ছাড়াই, উৎপাদনব্যবস্থা থেকে বিযুক্ত সিটি করপোরেশন ও নতুন মেয়র প্রাথীরা ঢাকার মাইগ্রেন্ট শ্রমিকের বিরুদ্ধে বিষোদ্গার করেই চলেছে। অথচ ঢাকাকে ‘বাসযোগ্য’ রাখার অবকাঠামোগত খাতে দেড় দশকে অবিশ্বাস্য লুটপাট হয়েছে। আসল কথাটা কেউ বলে?
বিপর্যস্ত অর্থনীতিতে কর্মসংস্থান তৈরির কোনো রাষ্ট্রীয় ‘প্ল্যান’ নেই; বিশ্বব্যাংক বলছে, ছয় কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার পথে, প্রতিবছর চার লাখ উদ্বৃত্ত কৃষিশ্রমিক শহরে আসছে, আবার টিকতে না পেরে ফিরেও যাচ্ছে। গ্রাম ও শহরে উদ্বৃত্ত শ্রমিকের ঢল এবং সর্বগ্রাসী বেকারত্বের বাস্তবতায় শহরের ইনফরমাল খাতের লাখ কোটি কর্মীর জন্য নীতিমালা, শৃঙ্খলা বা লাইসেন্সিংয়ের ব্যবস্থা না করেই মানুষের সচল আয়-উপার্জনের সীমিত পথগুলোকে গুঁড়িয়ে দেওয়ার রাষ্ট্রীয় আগ্রাসন আমাদের হতভম্ভ করে।
● মাহা মির্জা গবেষক ও খণ্ডকালীন শিক্ষক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
*মতামত লেখকের নিজস্ব





