রাজধানীর রাস্তায় চলাচল করছে ব্যাটারিচালিত ই-রিকশা, যার নিবন্ধন রয়েছে। অর্থাৎ এগুলো বৈধ।
রাজধানীর গাবতলীর মাজার রোডে ১৬ নভেম্বর বিকেলে একটি ই-রিকশা দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের একপর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি।
মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের একটু বেশি। সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই দূরত্বের ভাড়া হওয়ার কথা ১৪০ টাকা (ওয়েটিং চার্জ ছাড়া)। অবশ্য তা না মেনে সিএনজি চালকেরা যেমন অনেক বেশি ভাড়া আদায় করেন, তেমনি চড়া ভাড়া চাইলেন ই-রিকশার চালক।
ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল। গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন।
এত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে মো. শাহীন প্রথম আলোকে বলেন, তিনি ভাড়ায় রিকশা চালান। মালিককে প্রতিদিন জমা দিতে হয় এক হাজার টাকা। দ্রব্যমূল্য বেড়েছে, তাই ভাড়াও বেশি নিতে হচ্ছে।
রাজধানীতে যেসব নতুন ই-রিকশা নেমেছে, তার মালিক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি নতুন ই-রিকশা নামাতে খরচ পড়ছে প্রায় পাঁচ লাখ টাকা।
ই-রিকশা চালাতে মালিককে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার টাকা জমা দিতে হচ্ছে চালকদের। জমার টাকা তুলতে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন তাঁরা।
ই-রিকশার ভাড়া ও দৈনিক জমা নির্ধারণে সরকারি কোনো নির্দেশনা নেই। সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। এতে জমা ও ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি।
নতুন এই যান চালুর শুরুতেই তাই সিএনজিচালিত অটোরিকশার মতো ভাড়া নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে।

সিএনজিচালিত অটোরিকশার বাজারমূল্য পাঁচ থেকে ছয় লাখ টাকা। তবে ঢাকায় চলাচলের অনুমতি থাকলে তার দাম দাঁড়ায় প্রায় ২৫ লাখ টাকা। প্রথম আলোতে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, অনুমোদন পেতে ‘ঘুষ লেনদেনের’ কারণে এসব অটোরিকশার দাম অস্বাভাবিক বেড়ে যায়।
বাড়তি বিনিয়োগের খরচ তুলতে মালিকেরা সরকার নির্ধারিত জমা মানেন না। চালকদের কাছ থেকে প্রতিদিন এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকা নেন। এ কারণে চালকেরাও সরকার নির্ধারিত ভাড়া মানেন না।
নিয়ম অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা। দুই কিলোমিটারের পরের প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে প্রথম দুই কিলোমিটারেই বাস্তবে ১২০ থেকে ১৫০ টাকা আদায় করা হয়।
ই-রিকশার ক্ষেত্রেও শুরুতেই মালিকেরা ইচ্ছেমতো জমা নেওয়া শুরু করেছেন। চালকেরাও যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ই-রিকশার বিষয়ে একটি নীতিমালা করেছে। তবে ওই নীতিমালায় ই-রিকশার জমা এবং সড়কে চলার ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে কিলোমিটারপ্রতি কত ভাড়া নিতে পারবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, দেশের সব সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে ই-রিকশা চালকের দৈনিক জমা ও যাত্রীদের যাতায়াত ভাড়া নির্ধারণ করবে। সেই নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে।
দেড় লাখ টাকার নকশা, বাজারে দাম প্রায় পাঁচ লাখ
ঢাকাসহ সারা দেশে দীর্ঘদিন ধরে লাখ লাখ ব্যাটারিচালিত রিকশা চলছে। এসব রিকশার নিবন্ধন নেই। তবে ভাড়া কম। ২০ টাকায় চড়া যায় এই রিকশায়। অন্যদিকে দূরের পথে ১০০ টাকার আশপাশের ভাড়ায় যাওয়া যায়। তবে নিরাপত্তার ঝুঁকিও আছে। এ পরিস্থিতিতে বৈধভাবে ব্যাটারিচালিত রিকশা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল। গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন।
নতুন নকশার রিকশায় তিনটি চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও বিকল্প পার্কিং ব্রেক রাখা হয়েছে। আছে পেছনের যান দেখার আয়না, মোড় নেওয়ার সংকেতবাতি, ছাউনি, সামনের কাচ ও স্থায়ী হেডলাইট।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ই-রিকশার বিষয়ে একটি নীতিমালা করেছে। তবে ওই নীতিমালায় ই-রিকশার জমা এবং সড়কে চলার ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে কিলোমিটারপ্রতি কত ভাড়া নিতে পারবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।
অধ্যাপক এহসান সম্প্রতি প্রথম আলোকে বলেন, অন্তত এক ডজন নির্মাতা প্রতিষ্ঠান তাদের রিকশার ‘টাইপ’ অনুমোদন নিয়েছে। আরও ১০ থেকে ১৫টি প্রতিষ্ঠান এ বিষয়ে আগ্রহী।
বর্তমানে ঢাকায় নিবন্ধনবিহীন দুই ধরনের ব্যাটারিচালিত রিকশা চলে। একটিতে দুজন, অন্যটিতে চারজন যাত্রী বহন করা যায়। দুজন যাত্রী বহনের উপযোগী রিকশার দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা। চারজন যাত্রী বহনের উপযোগী রিকশার দাম ১ লাখ থেকে দেড় লাখ টাকা।
বুয়েটের গবেষক দলের নির্দেশিকা অনুযায়ী, একটি ই-রিকশা তৈরি করতে ব্যাটারি ছাড়া খরচ হওয়ার কথা প্রায় দেড় লাখ টাকা। সঙ্গে ব্যাটারির দাম যুক্ত হবে।
বুয়েটের নির্দেশনা অনুযায়ী ই-রিকশা তৈরি করছে, এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে একটি ই-রিকশার দাম ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা।

আকিজ মটরসের তৈরি বুয়েট অনুমোদিত ই-রিকশার দাম ৩ লাখ ৭২ হাজার টাকা। মনির অটোতে একই ধরনের রিকশার দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ মটরসের ই-রিকশা ব্যবস্থাপক ইয়াসীন আরাফাত বলেন, বুয়েট আরও কিছু নির্দেশনা দিয়েছে। সেগুলো যুক্ত করে ই-রিকশার নকশা উন্নত করা হচ্ছে। এরপর দাম আরও বাড়তে পারে।
তবে ডিলার পর্যায়ে এখনই একটি ই-রিকশার দাম প্রায় পাঁচ লাখ টাকা। মিরপুরের কাফরুল এলাকার মনির অটোর ডিলার মেসার্স আরাফ এন্টারপ্রাইজ একটি ই-রিকশা বিক্রি করছে চার লাখ ৬৫ হাজার টাকায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে নিবন্ধন করালে আরও ২০ হাজার টাকা দিতে হয়। সব মিলিয়ে খরচ দাঁড়ায় ৪ লাখ ৮৫ হাজার টাকা।
ই-রিকশার ক্রেতাদের একজন মো. মহসিন। তিনি প্রথম আলোকে বলেন, নিবন্ধনসহ একটি কিনতে তাঁর খরচ পড়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা। সঙ্গে রিকশায় গ্রিল লাগাতে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। তিনি বলেন, তিনি দৈনিক জমা নেন ৮০০ টাকা। এর মধ্যে ২০০ টাকা বিদ্যুতের চার্জ ও গ্যারেজের ভাড়া বাবদ যায়। নিজের থাকে ৬০০ টাকা।
নতুন বিধিমালায় ই-রিকশার নিবন্ধন, কারিগরি মান, নিরাপত্তা ও চলাচলের শর্ত নির্ধারণ করা হয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ব্যক্তি এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন।
বিধিমালা অনুযায়ী, বুয়েটের নির্ধারিত কারিগরি ও নিরাপত্তার মান পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেওয়ার বিধান রয়েছে।
সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী, দুই যাত্রী বহনের উপযোগী ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী বহনের উপযোগী রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা। ফিটনেস সনদের জন্য দিতে হয় এক হাজার টাকা।
তবে অনেক ডিলার ও প্রতিষ্ঠান নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নিচ্ছে বলে অভিযোগ আছে।
মিরপুর-১ নম্বর এলাকায় ১৬ নভেম্বর একটি ই-রিকশা পরিষ্কার করছিলেন মালিক ও চালক আল আমিন। রিকশাটি কিনতে কত খরচ হয়েছে, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সব মিলিয়ে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এখনো নিবন্ধন হাতে পাননি। ডিলারের কাছে সব কাগজপত্র জমা দিয়েছেন। কয়েক দিন পর নম্বরপ্লেট দেওয়ার কথা আছে।

ই-রিকশার দাম সম্পর্কে জানতে চাইলে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসান প্রথম আলোকে বলেন, রিকশার বাজারদর সরকার নিয়ন্ত্রণ করবে কি না, সেটি তাদের বিষয়। নির্দেশিকা অনুযায়ী ব্যাটারি ছাড়া একটি রিকশা তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ হওয়ার কথা। এর বাইরে বিভিন্ন ধরনের ও দামের ব্যাটারি পাওয়া যায়। কোন প্রতিষ্ঠান কী মানের ব্যাটারি ব্যবহার করছে, সেটিও দামের ওপর প্রভাব ফেলে। কোনো প্রতিষ্ঠান নির্দেশিকার বাইরে বাড়তি উপাদান যুক্ত করলেও দাম বাড়তে পারে।
পাঁচ লাখ টাকার রিকশা চালকদের নাগালের বাইরে
ঢাকার রিকশাচালকদের বড় অংশই বিভিন্ন জেলা থেকে এসে শহরে বসবাস করেন। তাঁদের অনেকেই বস্তিতে থাকেন। কেউ কেউ কম খরচে থাকার জন্য মেসে থাকেন। তাঁদের অধিকাংশের নিজের রিকশা নেই। অন্যের রিকশা দৈনিক জমার ভিত্তিতে ভাড়া নিয়ে চালান।
অন্যদিকে, রিকশার মালিকদের অনেকেই অর্থনৈতিকভাবে সচ্ছল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। কারও কারও মালিকানায় ৫০ থেকে ১০০টি পর্যন্ত নিবন্ধনহীন রিকশা রয়েছে।
একটি ই-রিকশার দাম প্রায় পাঁচ লাখ টাকা হওয়ায় সাধারণ চালকদের পক্ষে সেটি কিনে চালানো কঠিন। এ কারণে নতুন রিকশা চালুর পরও মালিকের কাছ থেকে দৈনিক জমায় রিকশা ভাড়া নেওয়ার পুরোনো ব্যবস্থাই বহাল থাকছে। এতে চালকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। সেই চাপের প্রভাব পড়ছে যাত্রীদের ভাড়ায়।
ই-রিকশা রাস্তায় নামানোর উদ্দেশ্য অনিবন্ধিত ও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা বাজার থেকে তুলে নেওয়া। লাখ লাখ রিকশা তুলে নিয়ে অল্পসংখ্যক ই-রিকশা চলতে দিলে এবং ভাড়ার কোনো নীতিমালা না থাকলে নৈরাজ্য আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।
রাজধানীর মিরপুরের বাসিন্দা সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মানুষের খরচ বাড়িয়ে কারও ব্যবসার সুযোগ করা সরকারের কাজ নয়। সরকারের উচিত ভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া।





