ত্রিশ বছর আগে প্রথমবার যখন পাখিবিশেষজ্ঞ শরীফ খানের বাড়ি বাগেরহাটের ফকিরহাটের সাতশৈয়া গ্রামে যাই, তখন তিনি নিভৃতচারী দুটি পাখি দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, প্রথমটি গ্রীষ্মের প্রজনন পরিযায়ী হওয়ায় সে সময় আসেনি। দ্বিতীয়টিকে দেখার সম্ভাবনা থাকলেও দুর্ভাগ্যবশত চোখে পড়েনি। দেখতে দেখতে ১৬ বছর পেরিয়ে গেল। কর্মব্যস্ততায় ও দীর্ঘদিন বিদেশে থাকায় সাতশৈয়া যাওয়া হলো না। কিন্তু শরীফ খানের মামাতো ভাই শিপলু খান ফি-বছর ওদের ডিম-ছানার তথ্য পাঠাতে লাগলেন। এরপর ২০১২-এ এল সেই মাহেন্দ্রক্ষণ, যখন বিরল পাখিটির প্রজনন প্রতিবেশ নিয়ে গবেষণা শুরু করলাম। আবার সাতশৈয়া যাওয়া শুরু হলো। তবে এবার আর শূন্য হাতে ফেরা নয়। দুটো পাখিরই ডিম-ছানার ছবি, মাপজোখসহ বহু অজানা তথ্য গবেষণাভান্ডারে পুঞ্জীভূত হলো।
পরের বছরের ৫ জুলাই ভাগনে তানভির ইয়াসিরকে নিয়ে আবারও ফকিরহাট গেলাম। পরদিন সকালে পৌঁছে নাশতা সেরেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম। সাতশৈয়া গ্রামীণ ঘন বন-বাগানে ভরপুর। রাত তো দূরের কথা, দিনেও কেউ এসব বন-বাগানে ঢোকে না। আমরা একে একে সেসব বন-বাগানে ঢুকলাম। বাগানে ঢুকে প্রথমেই দেখা হলো গাছের গোড়ায় পেঁচিয়ে থাকা এক সাপের সঙ্গে। প্রথম দর্শনে খানিকটা ভয় পেলেও যখন দেখলাম ওটি অবিষধর চিলু সাপ, দ্রুত ওর ছবি তুললাম। এরপর ১০-১২ প্রজাতির পাখি ও প্রজাপতির ছবি তুললাম।
গ্রামীণ বন-বাগানে হাঁটতে হাঁটতে কখন যে তিন ঘণ্টা পেরিয়ে গেল, টেরই পেলাম না। হঠাৎ পুরোনো একটি গাছের ডালে খয়েরি মাথার নীলচে-সবুজাভ একটি ছোট্ট পাখি এসে নামল। পাখিটির লেজতল টকটকে লাল। মুখ কেঁচোতে ভর্তি। বুঝতে আর বাকি রইল না যে কাছেপিঠে ওর বাসা-ছানা রয়েছে। গবেষণার জন্য বাসা-ডিম-ছানার মাপজোখ নিতে হয়েছিল। তবে যথেষ্ট সাবধানে ও নিয়মকানুন মেনেই সেসব করেছি। তবে গবেষক ছাড়া বাকিদের কাছে অনুরোধ, সংরক্ষণের স্বার্থে এদের বাসা খোঁজা, বাসার কাছে যাওয়া ও ছবি তোলা থেকে বিরত থাকুন।
পরদিন আরও কয়েকটি পাখির দেখা পেলাম। তবে ওদের আবাস এলাকায় বিষধর সাপের আনাগোনা। একবার আমার সামনে দিয়ে একটি বিষধর সাপ দ্রুত চলে গিয়েছিল। আরেকবার কালাম নামে একজনকে বিষধর সাপে কামড় দিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়ায় ও অ্যান্টিভেনম দেওয়ায় সে যাত্রায় বেঁচে যায়; কিন্তু সেই থেকে ওর নাম হয় ‘মরা কালাম’।
ফকিরহাটের সাতশৈয়া গ্রামের বন-বাগানে দেখা পাখিটি এ দেশের দুর্লভ গ্রীষ্মের প্রজনন পরিযায়ী পাখি হালতি। সবুজাভ সুমচা বা নীল পাখি নামেও পরিচিত। অনেকে ইংরেজি নামের অনুবাদে বলেন খয়েরি-মাথা সুমচা। ইংরেজি নাম হুডেড বা গ্রিন-ব্রেস্টেড পিট্টা। গোত্র পিট্টিডি, বৈজ্ঞানিক নাম Pitta sorsida। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে।
গোলগাল, ছোট্ট লেজের হালতি লম্বায় ১৯ সেন্টিমিটার। ওজন ৬৫ গ্রাম। চোখ, চিবুক ও গলা কালো। মাথার তালু লালচে-বাদামি। নীলের মিশেলসহ পিঠ জলপাই-সবুজ। তলপেট আলতা-লাল। ডানার প্রান্ত নীল। ছোট্ট লেজটি কালো; যার ওপরটা নীল। বুক-পেট তেলতেলে নীলচে-সবুজ। পা, আঙুল, নখ ও ঠোঁট কালো। অপ্রাপ্তবয়স্ক পাখি অত্যন্ত ফ্যাকাশে। মাথার চাঁদি সূক্ষ্ম সূক্ষ্ম ‘আঁশছোপ’-এ ঢাকা। চিবুক বাদামি, গলা ময়লা সাদা। পেট-তলপেট হালকা গোলাপি; দেহতলের বাকিটা বাদামি।
মার্চ থেকে সেপ্টেম্বর প্রজননকাল। এ সময় রাতভর ডাকতে থাকে। মাটিতে বা মাটি থেকে অল্প উঁচুতে ডালপালা, পাতা ইত্যাদি দিয়ে তাঁবুর মতো বাসা গড়ে। স্ত্রী তাতে লালচে-বেগুনি বা বাদামি-ধূসর দাগছোপসহ ৪-৬টি সাদা বা ক্রিম-সাদা ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ মিলেমিশে তা দিয়ে ১৫-২০ দিনে ডিম ফোটায়। অদ্যাবধি ফকিরহাটের গ্রাম্য বন-বাগান ছাড়া অন্য কোথাও এদের বাসা-ডিম-ছানার তথ্য পাওয়া যায়নি। আয়ুষ্কাল ৫ থেকে ৭ বছর।





