আন্তর্জাতিক সম্মাননা ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে বাংলাদেশের ফাতিহা আয়াত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবস (ডব্লিউওয়াইসি) এ সম্মাননা দিয়েছে তাকে। চূড়ান্ত পর্বে গুয়াতেমালা, যুক্তরাজ্য ও মেক্সিকোর তিন প্রতিযোগীকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করে ফাতিহা।

এবারের প্রতিযোগিতায় ফাতিহার সঙ্গে চূড়ান্ত তালিকায় ছিল গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা আদামারি। ১৫ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অর্জনের খবর জানায় ফাতিহা। নিজের অনুভূতি প্রকাশ করে ফাতিহা লিখেছে, এই বিজয় শুধু তার একার নয়, বাংলাদেশেরও গৌরব।

ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের অন্যতম আয়োজন প্রমিস অ্যাওয়ার্ডস। সংস্থাটি আন্তর্জাতিক নেটওয়ার্কের বিভিন্ন দেশের তরুণ, সংগঠন ও যুব উন্নয়নমূলক উদ্যোগের কাজের স্বীকৃতি দিতে প্রতিবছর এ পুরস্কার দেয়। ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ বিভাগে ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণদের নেতৃত্ব, উদ্যোগ, ব্যক্তিগত উন্নতি ও সমাজের প্রতি অবদানের বিষয়গুলো বিবেচনা করা হয়।

ফাতিহা আয়াত একজন তরুণ জলবায়ু ও মানবাধিকারকর্মী। শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করতে ফাতিহা চালু করেছে ‘জিরো অলিম্পিয়াড’ নামের একটি বৈশ্বিক প্রতিযোগিতা। এ উদ্যোগের জন্যই ফাতিহা এবারের প্রমিস অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে।

এ ছাড়া ফাতিহা ‘চাইল্ড’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। শিশুদের জলবায়ু, স্বাস্থ্য, তথ্য ও শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ে কাজ করে সংগঠনটি।

এর আগে ২০২৩ সালে শিশু অধিকার রক্ষা ও টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছিল ফাতিহা।