ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রেই দায়িত্বশীলতার শিক্ষা দিয়েছে। মানুষের জীবনে এমন কিছু দায়িত্ব রয়েছে, যা প্রত্যেক ব্যক্তির ওপর আলাদাভাবে বর্তায়।
আবার এমন কিছু দায়িত্বও রয়েছে, যা সমাজের প্রয়োজন পূরণের জন্য সম্মিলিতভাবে পালন করতে হয়। ইসলামের পরিভাষায় এ ধরনের দায়িত্বকে বলা হয় ‘ফরজে কিফায়া’।
ফরজে কিফায়ার মূল কথা হলো, সমাজের প্রয়োজনীয় কোনো দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক মানুষ এগিয়ে এলে অন্যরা দায়মুক্ত হয়। কিন্তু কেউই যদি সেই দায়িত্ব পালনে এগিয়ে না আসে, তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা অবহেলা করবে, তারা পাপী হবে।
কেন এই বিধান
ইসলামে ফরজে কিফায়ার বিধান রাখা হয়েছে মূলত সমাজের ভারসাম্য রক্ষা ও মানুষের পারস্পরিক নির্ভরতা নিশ্চিত করার জন্য। এর কয়েকটি প্রধান কারণ হলো:
১. দায়িত্ববোধ জাগ্রত করা: মানুষ একা সব কাজ করতে পারে না। কেউ চিকিৎসা শিখবে, কেউ ধর্মের জ্ঞান অর্জন করবে, কেউ বিচারব্যবস্থায় দায়িত্ব পালন করবে, কেউ কৃষিতে যুক্ত হবে। ফরজে কিফায়ার বিধান মানুষকে স্মরণ করিয়ে দেয় যে, সমাজকে সচল রাখতে সবাইকে যার যার যোগ্যতা অনুযায়ী অবদান রাখতে হবে।
২. মানবাধিকার ও মর্যাদা রক্ষা: মৃত মুসলমানের গোসল, কাফন, জানাজা ও দাফন ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে, মানুষের মৃত্যুর পরও তার মর্যাদা ও অধিকার রক্ষার দায় সমাজের জীবিত মানুষদের ওপর বর্তায়।
৩. সামাজিক নির্ভরশীলতা রোধ: কোনো সমাজ যদি প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার লোক তৈরি করতে ব্যর্থ হয়, তবে তাদের অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। মুসলিম সমাজকে পরনির্ভরশীলতা থেকে মুক্ত রাখার জন্যই ফরজে কিফায়ার বিধান দেওয়া হয়েছে।
সমাজে ফরজে কিফায়ার প্রয়োজন কী
ব্যক্তিগত ইবাদতের বাইরে একটি স্বয়ংসম্পূর্ণ ও দায়িত্বশীল সমাজ গঠনের জন্য ফরজে কিফায়ার প্রয়োজনীয়তা অপরিসীম। সমাজে এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগক্ষেত্র হলো:
১. ধর্মীয় জ্ঞান অর্জন ও বিস্তার: সমাজে এমন একটি শ্রেণি থাকা প্রয়োজন, যারা ধর্মের গভীর জ্ঞান অর্জন করে মানুষকে আল্লাহর বিধান জানাবে।
মহান আল্লাহ বলেন, ‘মুমিনদের সবার একসঙ্গে বের হয়ে যাওয়া সংগত নয়। তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে তারা ধর্মের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়ের কাছে ফিরে এসে তাদের সতর্ক করতে পারে?’ (সুরা তওবা, আয়াত: ১২২)
২. চিকিৎসাসেবা ও মানুষের জীবন রক্ষা: মানুষের জীবন রক্ষা ইসলামের অন্যতম উদ্দেশ্য। অসুস্থ মানুষের চিকিৎসাসেবার জন্য দক্ষ চিকিৎসক তৈরি করা এবং হাসপাতাল প্রতিষ্ঠা করা সমাজের মৌলিক প্রয়োজন।
মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি কোনো প্রাণকে বাঁচাল, সে যেন সব মানুষের জীবন বাঁচাল।’ (সুরা মায়িদা, আয়াত: ৩২)
৩. বিচার ও ন্যায় প্রতিষ্ঠা: সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ইসলামের অন্যতম প্রধান নির্দেশনা।
মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার হকদারকে পৌঁছে দিতে এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, ন্যায়বিচারের সঙ্গে বিচার করবে।’ (সুরা নিসা, আয়াত: ৫৮)
এ জন্য সমাজে যোগ্য বিচারক ও আইনজ্ঞ তৈরি করা অপরিহার্য।
সমাজকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। বর্তমান যুগে চিকিৎসাবিদ্যা, প্রকৌশল, কৃষি, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলো সমাজের অপরিহার্য অংশ।
৪. যুগোপযোগী শিক্ষা ও প্রযুক্তি জ্ঞান: সমাজকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। বর্তমান যুগে চিকিৎসাবিদ্যা, প্রকৌশল, কৃষি, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলো সমাজের অপরিহার্য অংশ।
মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথে চলে, আল্লাহ তার জন্য বেহেশতের পথ সহজ করে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৬৯৯)
৫. কৃষি, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড: সমাজের প্রয়োজন পূরণের জন্য কৃষি, শিল্প ও হালাল ব্যবসা-বাণিজ্যের ব্যবস্থা থাকতে হবে। ইসলাম হালাল উপার্জনকে উৎসাহিত করেছে।
মহানবী (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো খায়নি।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭২)
৬. জনসেবা ও নিরাপত্তা: মানুষের জানমাল নিরাপদ রাখা, অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষকে উদ্ধার করাও সামাজিক দায়িত্ব।
মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করবে, আল্লাহ কেয়ামতের দিনের তার একটি কষ্ট দূর করবেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৬৯৯)
আমাদের করণীয়
তবে মনে রাখতে হবে, সমাজের প্রয়োজন আছে—এমন প্রতিটি কাজকেই সরাসরি ‘শরয়ি ফরজে কিফায়া’ বলা যথাযথ নয়। এর জন্য আলেমদের ব্যাখ্যা ও ফিকহের মূলনীতিগুলো বিবেচনা করতে হয়।
মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৭১৩৮)
তাই সমাজের প্রয়োজনের দিকে তাকিয়ে নিজের যোগ্যতা তৈরি করা এবং নিজ পেশাকে মানুষের কল্যাণের মাধ্যম বানানোই হোক আমাদের লক্ষ্য।
ইফতেখারুল হক হাসনাইন : আলেম ও প্রাবন্ধিক





